জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে দুই বছর পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে নামাজ শেষ হয় ৮টা ৩৭ মিনিটে।

ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ জামাতে নামাজ আদায় করেন।

দুই রাকাত নামাজের পর ঈদের বিশেষ খুতবা পড়া হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। জামাত শেষে পরস্পরের সঙ্গে মোসাফাহা ও কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

দুই বছর পর বড় জামাতে অংশ নিতে পেরে তৃপ্ত মুসুল্লিরা। তাদের চোখেমুখে উচ্ছ্বাাস লক্ষ্য করা গেছে।

এর আগে, নামাজ আদায়ের জন্য সকাল ৭টা থেকে থেকে জায়নামাজ হাতে ঈদগাহে ভিড় করেন মুসল্লিরা। তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। সকাল থেকে আকাশ ছিল কিছুটা মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে।

এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। আরও চারটি জামাত সেখানে অনুষ্ঠিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *