চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার মূল্যের ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় একটি চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। সে সাথে তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন ট্রাক চালক আবুল হোসেন (৩২) ও তার সহকারী মানিক মিয়া (২৯)।
র্যাব সূত্র জানায়, কক্সবাজার থেকে ট্রাক যোগে বিপুল পরিমান ইয়াবা আসছে- এমন খবরের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া হাসমতের দোকান এলাকায় র্যাব কতৃক একটি চেক পোস্ট বসানো হয়। চেক পোস্টে চট্টগ্রাম গামী বিভিন্ন গাড়ী তল্লাশির এক পর্যায়ে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে সেটিকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক ও হেলপার ইয়াবা বহনের কথা ম্বীকার করে এবং সিটের পেছনে লুকিয়ে রাখা ইয়াবা বের করে দেয়। তাতে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা পাওয়া গেলে তাদের আটক করা হয়। ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূইয়া বলেন, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

