খুলনার ফুলতলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে সৈয়দ হাবিবুর রহমান (৫৫) নামে এক কোম্পানী প্রতিনিধি নিহত হয়েছেন।
১৮ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটেছে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা দামোদর প্রাইমারী স্কুল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দ হাবিবুর রহমান তার মোটরসাইকেল (খুলনা-মেট্রো-হ-১৩-৬৯০৪) যোগে হেলমেট বিহীন অবস্থায় যশোরের দিকে যাচ্ছিলেন। দামোদর প্রাইমারী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় তার মাথায় গুরুতর জখম ও রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত হাবিবুর খালিশপুর নেভি কলোনী এলাকার মৃত সৈয়দ মোকছেদুর রহমানের ছেলে ও যশোর সেফটি টার্নিং পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানীর সুপারভাইজার।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

