//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের সম্প্রসারণ এবং খেলাধুলার মান উন্নয়নে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।
আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন করেছে। আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরতে সক্ষম হয়েছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তিনি ফুটবল খেলতে ভালোবাসতেন এবং স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও আধুনিক কাঠামোতে রূপান্তরিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।
তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আমাদের সরকার বিগত ১৩ বছরে খেলাধূলার উন্নয়নে তৃণমূল পর্যায়ে ৩১টি ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দেশের ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং বাকি উপজেলা গুলোতেও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে।
তিনি আরো বলেন, খেলাধুলার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবগুলোতে ক্রীড়াসামগ্রী সরবরাহ করা হচ্ছে। কোভিড-১৯ এর ভয়াবহ দুঃসময়ে আমাদের সরকার প্রতিভাবান খেলোয়াড়দের অনুদান দিয়ে সহায়তা করেছে।
ক্রীড়াক্ষেত্রে ছেলে-মেয়েদের আগ্রহ বাড়ানোর জন্য বৃত্তি প্রদান, অনুদানসহ প্রতিভাবান খেলোয়াড়দের বিদেশে উন্নত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে।
আমাদের সময়েই আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছি। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ বহির্বিশ্বে গৌরব ও সুনাম অর্জন করেছে, বিশেষ করে আমাদের তরুণ ছেলেরা যেভাবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তা আমাদের জন্য আনন্দের। দেশের ক্রীড়া উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।
বৃহস্পতিবার(১৫জুন) বিকালে খুলনার রূপসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

