জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ট্রাকটির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন ।
নিহত ব্যক্তি হলো, রাজবাড়ী সদর উপজেলার বড়ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে রইচ কাজী (২২)।
আহত ট্রাকচালক মো. আজিজ (৫৫) রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।
রবিবার(১২মে) ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, রবিবার (১২ মে) ভোর ৫টার দিকে ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

