//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন যুবদল নেতা মুক্তা উদ্দিন শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটের কচুয়ার সাইনবোর্ড বাজারের গোল চত্বরে গতকাল শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এসময় নেতা কর্মীরা বলেন,২০১৫ সালের মার্চ মাসে বাড়ি থেকে তুলে নিয়ে বেধরক মারধর করা হয় যুবদল নেতা মুক্তকে। পরে একটি মিথ্যা মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। কারাগারে থাকা অবস্থায় ২০১৫ সালের ১৮ মার্চ মুক্ত‘র মৃত্যু হয়। তবে মারা যাওয়ার পরে তৎকালীন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ভয়ে মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবারটি।
নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেহেদী হাসান বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা আমার স্বামী যুবদল নেতা মুক্তা উদ্দিনকে মারধর করে হত্যা করা হয়েছে। ভয়ে এতদিন আমরা মুখ খুলতে পারিনি। আমার সন্তানদের যে সন্ত্রাসীরা এতিম করেছে, আমাকে যারা বিধবা করেছে আমি তাদের বিচার চাই। মুক্তার বড় ভাই মোঃ সোনাম উদ্দিন শেখ বলেন,আমার ভাইয়ের কি অপরাধ ছিল? সে জাতীয়তাবাদী দল(বিএনপি)রাজনীতির সাথে যুক্ত। তাই তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তৎকালীন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে মেহেদী হাসান বাবুর নেতৃত্ব হত্যাকান্ড ঘটায় আমরা ভয়ে মামলাও করতে পারিনি। আমরা এই হত্যার বিচার চাই।

