বরিশালে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদকবিক্রেতা গ্রেপ্তার

বরিশালে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদকবিক্রেতা গ্রেপ্তার

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

বরিশালে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। রোববার অপরাহ্নে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন চৌমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সংস্থাটির একটি টিম।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়- রাজধানী ঢাকা থেকে বরিশালগামী একটি বাসে এসে তিন যুবক চৌমাথা মদিনা এলপিজি গ্যাস স্টেশনের সম্মুখে নামেন। এ সময় তাদের সাথে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় অফিসের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন পাটন গ্রামের মৃত জসিম উদ্দিন মিয়ার ছেলে মো: রাসেল মিয়া (৩২) ও একই থানার আশ্বিনীপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো: আসিফুর রহমান (২৪) এবং কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন গাজীপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে মো. জসিম (৩২) গাঁজাগুলো বরিশাল নগরীর এক মাদক ব্যবসায়ীর কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে এসেছিল। কিন্তু তারা গন্তব্যে পৌছানোর আগেই গোপন একটি মাধ্যম এই খবর নিশ্চিত করে।

এর পর বেলা ২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন শহরের কাশিপুর চৌমাথা এলাকায় অবস্থান নেন এবং ঢাকা থেকে আসা বরিশালগামী বাস থেকে তিন যুবক নামার সাথে সাথে তাদের গ্রেপ্তার করেন।

এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিন যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে গাঁজার চালানটি বরিশালের এক ব্যবসায়ীকে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *