নুপুর শর্মা নেই – কোথাও নেই

নুপুর শর্মা নেই – কোথাও নেই

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। একটি টেলিভিশন বিতর্কে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ডের জন্য দিল্লি গিয়েছিলো মুম্বই পুলিশের একটি টিম৷ কিন্তু কয়েকদিন কেটে গেলেও বিজেপি মুখপাত্রের খোঁজ পায়নি পুলিশ।

শুক্রবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে ইরফান শেখ নামে এক ব্যক্তি নুপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। দিল্লির বাসিন্দা হওয়ায় সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে দিল্লি এসেছিল মুম্বাই পুলিশের একটি দল। কিন্তু ৫ দিন অপেক্ষা করেও নুপুর শর্মার খোঁজ পাচ্ছে না সেই দলটি।

গত ২৮ মে এক টেলিভিশন টক শোতে মহানবী (সা.) কে অবমনানা করে মন্তব্য করেছিলেন নুপুর শর্মা। তার ওই মন্তব্যের জেরে ভারত ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়।

ভারতের অভ্যন্তর ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি উঠতে থাকায় এক পর্যায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার আদেশ দেয় বিজেপি।

এদিকে, বিজেপি থেকে বহিষ্কার আদেশ পাওয়ার পর রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে নুপুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এসবের মধ্যে কিছু মামলার বাদি পুলিশ নিজেই।

নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উপসাগরীয় মুসলিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে ভারতের। কাতার, কুয়েত, ইরান, সৌদি আরব, ওমান, আফগানিস্তান ও পাকিস্তান বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যকে ‘অপমানজনক’ হিসেবে উল্লেখ করেছে।

Daily World News

রাত ৮ টার পর দোকান – শপিংমল – মার্কেট  বন্ধ থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *