বরিশালে কোরবানির গরু ধরতে গিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় ওষুধ ব্যবসায়িককের মৃত্যু

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশালে নিয়ন্ত্রণহীণ একটি কোরবানির পশুকে ধরতে গিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে জাহাঙ্গীর হোসেন নামে এক ওষুধ ব‌্যবসায়ীর মৃত্যু হয়েছে। গরুটি হঠাৎ করে দৌড় দিলে তিনিও দড়ি ধরে তার পিছু পিছু ছুটতে শুরু করেছিলেন। পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। রোববার ঈদের দিন সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকারই বাসিন্দা।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে গরুটিকে কোরবানির জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু হঠাৎ করেই বেপরোয়াভাবে দৌড় শুরু করে ওই গরুটি। পরে এর গলায় বাঁধা রশিটি ধরে দৌড়াতে থাকেন জাহাঙ্গীর। তিনি গরুটিকে থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সিমানা পিলারে ধাক্কা খান জাহাঙ্গীর। প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার পরপরই স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু পথিমধ্যেই মৃত্যু হয় জাহাঙ্গীরের। স্থানীয় আ‌রিফ জানান, জাহাঙ্গীর এর আগে দুবার হার্ট অ‌্যাটাক করেছিলেন। অনেক আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন তিনি।

 

রাণীশংকৈলে পুকুড়ের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলি (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসান হরিপুর উপজেলার নাওহর চান গ্রামের আলীম উদ্দিনের ছেলে। সে তার নানার বাড়িতে থেকে রাণীশংকৈলের কাতিহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করতো।মৃতের বিষয়টি রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আব্দুল লতিফ শেখ জানান, হাসান আলী ছোটবেলা থেকে তার নানা বাড়ি রাণীশংকৈল উপজেলায় কাতিহার রাজোর গ্রামে মফিজ উদ্দিনের বাড়িতে থাকতো। ঘটনার দিন সকালে ১১টার দিকে সে তার মামাতো ভাইদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে পানিতে ডুবে যায়।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হাসান আলীকে উদ্ধার করে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

প্ররোচণা দিয়ে আনিসকে আত্মহত্যা করানোর দায়ে স্ত্রীসহ হেনোলাক্সের এমডি গ্রেফতার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও ঠিকাদার গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করেন। শাহবাগ থানার এসআই গোলাম হোসেন খান বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। তার গায়ে আগুন জ্বলছে দেখে আশপাশ থেকে সবাই ছুটে যান। তারা পানি ঢেলে আগুন নেভান। তবে ততক্ষণে তার শরীরের বড় অংশ পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

৫০ বছর বয়সী গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়, তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। একসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

বজ্রপাতে শনিবার একদিনে ১০ জনের প্রাণহানি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বজ্রপাতে বিহারে আবারও প্রাণহানি। শনিবার বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গিয়েছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

 

ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ফেনীর ফুলগাজীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে ৩০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় মুন্সিরহাটে উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা চলাকালে এই হামলা চালানো হয়। শনিবার (০২ জুলাই) ভোর ৬টা থেকে ফুলগাজী উপজেলা এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর ৬টা থেকে ফুলগাজী উপজেলা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, শনিবার (২ জুলাই) ফুলগাজী উপজেলার দৌলতপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি ছিলো।

কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেনের আশার কথা রয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০১ জুলাই) সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপির একটি প্রস্তুতিসভা ফুলগাজীর মুন্সিরহাটে আয়োজনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

হামলায় উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম-আহবায়ক গোলাম রসুল গোলাপ, নরুল হুদ শাহিন, যুগ্ম আহ্বায়ক ফুলগাজী উপজেলা যুবদল আকবর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতন মুত্তরসহ ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাদের।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার জানান, বিএনপির নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। তার পরবর্তীতে দুপক্ষের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়াসহ সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র: বিডিজা

Daily World News

বরিশালে পালিত হলো রথযাত্রা উৎসব

রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শিল্পীর বাবার ইন্তেকাল

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ‘কালের কন্ঠ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীর বাবা নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন )।

(বুধবার ২৯ জুন) বিকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টায় নিজ গ্রাম উত্তর সন্ধ্যারই মসজিদ সংলগ্ন কাঠাল বাগান মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাংবাদিক শিল্পীর বাবা নজরুল ইসলামের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও কর্মকর্তারা।এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,পীরগঞ্জ প্রেসক্লাব,পরিবারসহ রাণীশংকৈল উপজেলার আ’লীগ, বিএনপি’সহ নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংকৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।তারা মরহুমের আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং শোক সন্তুষ্ট পরিবারের শোক কাটিয়ে উঠার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, আহত- ৩

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে মোটরসাইকেলের হাইড্রলিক্স রড দিয়ে এমাদুল সহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। এমাদুলকে গুরুতর আহত অবস্থায় তালতলী এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিলে তার অবস্থা আশংকাজনক দেখে ঐ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।

জানা গেছে,গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হাং এর ছেলে এমাদুল (৩৫) তাদের পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গেলে একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বাবুল (৩৮) হিরন (৩৫) সোলায়মান (৩০) সহ ১০-১৫ জন লোক জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলের হাইড্রলিক্স রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে তাদের উদ্ধার করে তালতলী এপোলো হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে এমাদুল গুরুতর আহত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ৯৯৯ এ কল করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এমাদুলকে উদ্ধার করা হয়েছে তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

রাণীশংকৈলে বৃদ্ধের মৃত্যু হয়েছে পানিতে ডুবে 

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরের পানিতে পড়ে শলিমউদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মৃত বৃদ্ধা উপজেলার ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামের। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।

শলিমউদ্দিন ওই গ্রামের মৃত মহোবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন বৃদ্ধের পুকুরের পানিত ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাণীশংকৈল পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, ঘটনার দিন শলিমউদ্দিন বেশ কয়েক বছর যাবৎ (প্যারালাইজড রোগী) অসুস্থবস্থায় বাড়ির পাশের পুকুর পাড় দিয়ে মাগরিবের নামাজ পড়তে  যাচ্ছিল মসজিদে।

এ সময় তিনি পা পিছলে পুকুড়ে পড়ে মারা যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোক পুকুরে ওই বৃদ্ধের মাথার টুপি দেখতে পায়। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশালে আখের রস তৈরির যন্ত্রে ঢুকে গেল যুবকের হাত ১ ঘণ্টা পর উদ্ধার

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরিশাল নগরীতে আখের রস তৈরির যন্ত্রে হাত আটকে গুরুতর আহত এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় যন্ত্রটি কেটে তাকে উদ্ধার করা হয়।

আহত শিপন (২৫) বরিশাল নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা। বিবির পুকুর এলাকায় আখ মাড়াই করে রস তৈরির সময় এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, দুইটি ইউনিটের ১৫ জন সদস্য আখ মাড়াইয়ের যন্ত্রটি কেটে ওই যুবককে উদ্ধার করেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, সন্ধ্যা সাড়ে ৭ টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিপনের হাতে অস্ত্রোপচার চলছিল।

সাভারে রিকশা ভ্যানচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত ১৫

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সাভারের আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ এলাকার ‘আমার স্কুলের’ সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে পুলিশ ও অটো রিকশা-ভ্যান চালকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, হাইওয়ে পুলিশ কর্তৃক হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে মহাসড়কে অটোরিকশা ও ভ্যানচালকেরা গত শনিবার থেকে মহাসড়কে বিক্ষোভ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় রিকশা-ভ্যান চালকেরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুরের দিকে ‘আমার স্কুলের’ কাছে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালনকালে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ সময় আশুলিয়া থানা পুলিশ এসে অবরোধে বাধা দিলে অটোরিকশা ও ভ্যান চালকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের প্রতিহত করতে গেলে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কে অটোরিকশা ও ভ্যানে জরিমানার নামে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি এবং হয়রানির অভিযোগ তুলে তা বন্ধে ওই এলাকার দুই শতাধিক শ্রমিক তিনদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। সোমবার ছিল কর্মসূচির শেষ দিন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মহাসড়ক অবরোধের ব্যাপারে আশুলিয়া থানা পুলিশসহ আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন।

Daily World News

লক্ষণসহ পাকস্থলীর ক্যান্সারের কারণ সমূহ জেনে রাখুন

২৭ জুন ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ