বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশেও সরকারিভাবে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সোমবার দেশটির ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্য দেশগুলো হলো- নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস।

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও, দ্বিপক্ষীয় উদ্দেশে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

তবে, কী পরিমাণ রপ্তানি করা হবে তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

এর আগে, পবিত্র রমজান মাসে দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি লেখে বাংলাদেশ সরকার।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত ২০২৩ সালের ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরে এই নিষেধাজ্ঞা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। কারণ, অভ্যন্তরীণ বাজারেক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চেয়েছিল দেশটি।

রাজনীতি করলে মানুষ গালাগাল দেওয়ার লাইসেন্স পেয়ে যায়- তাই ইস্তফা দিলেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর এবার সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেন যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে ইস্তফা দিয়েছেন তিনি।

তবে মুখ্যমন্ত্রী মমতা সেটি এখনো গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন, কোনো সংসদ সদস্য যদি ইস্তফা দিতে চান সে ক্ষেত্রে তাকে নিয়ম মেনে লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দিতে হবে।

এদিকে বিধানসভা থেকে বের হয়ে সংসদ সদস্যপদ থেকে সরে আসার কারণ জানিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়। কেননা রাজনীতি করলে আমাকে গালাগাল দেওয়ার লাইসেন্স পেয়ে যায় মানুষ। জেনেশুনে কখনো কারও ক্ষতি করিনি আমি।

তিনি বলেন, আমি রাজনীতিক নই। আর কখনো রাজনীতিক হবও না। আমি সবসময় একজন কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। বিরোধী দলের কারও বিরুদ্ধে কখনো বাজে কথা বলিনি।

টালি তারকা বলেন, লোকসভায় কতদিন উপস্থিত থেকেছি আমি, সেসব নিয়ে মানুষের মাথাব্যথা। এক মাস দিল্লিতে থাকলে মানুষ বলবে সংসদ সদস্য দিল্লিতে থাকেন, এখানে তিনি কাজ করেন না। আবার এখানে থাকলে বলা হবে, সংসদে উপস্থিতি কম আমার। সবদিকে ভারসাম্য রাখতে হয়।

হঠাৎ ৮জন এমপিকে ডাকলেন কেন প্রধানমন্ত্রী মোদী

 //দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

শুক্রবার দুপুর। ভারতীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল অন্তত ৮ জন এমপির কাছে। বলা হয়, প্রধানমন্ত্রী সংসদে তাদের সঙ্গে দেখা করতে চান।

ডাক পাওয়ার তালিকায় যারা রয়েছেন তারা হলেন- কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, বিজেডি রাজ্যসভার এমপি সস্মিত বাত্রা, সিনিয়র সাংসদ এনকে প্রেমাচন্দ্রন, টিডিপি এমপি রাম মোহন নাইডু, বিএসপি এমপি ঋতেশ পান্ডে, বিজেপির লাদাখের এমপি জামিয়াং শেরিং এন, বিজেপির নাগাল্যান্ডের এমপি এস পি কোনায়ক।

এদিকে ফোন পেয়ে তো হতবাক এমপিরা। তারা প্রধানমন্ত্রীর অফিসে চলে যান। সেখানে মোদি তাদের বলেন, আপনাদের শাস্তি দেওয়ার জন্য ডেকে এনেছি। এরপর তিনি ক্যান্টিনের দিকে হাঁটা দেন।

এরপর তাদের নিয়ে দুপুরের খাবার খেতে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী। খাওয়ার মাঝেই তাদের সঙ্গে কথাবার্তা হয় তার। রাজনৈতিক আলোচনার পাশাপাশি উঠে আসে নানা প্রসঙ্গও।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন তাদের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, খাবারের টেবিলে এক এমপি মোদিকে জিজ্ঞাসা করেন, আপনার পছন্দের খাবার কোনটা? মোদি  বলেন, খিচুড়ি।

আরেক সংসদ সদস্য প্রশ্ন করেন, এত কাজের চাপ সামলান কীভাবে? মোদি বলেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে কাজ করি।

অন্যদিকে এক এমপি নাকি প্রশ্ন করেছিলেন, ২০১৫ সালে পাকিস্তানে নওয়াজ শরিফের মেয়ের বিয়েতে আপনি গিয়েছিলেন, তা নিয়ে কিছু বলুন।

মোদি জানিয়েছেন, সেদিন দুপুর ২টা পর্যন্ত সংসদে ছিলাম। এরপর আফগানিস্তানে পূর্ব নির্ধারিত কাজে যাই। সেখান থেকে ফেরার পথে পাকিস্তানে থামার চেষ্টা করি। কিন্তু এসপিজি (স্পেশাল প্রক্টেশন গ্রুপ) সেটা চায়নি। এরপর নওয়াজ শরিফকে ফোন করি। বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানানোর জন্য তৈরি কি না। এরপর দু’ দেশের মধ্য়ে নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় নিশ্চিত করা হয়। তারপরই ভারতের বিমান নেমেছিল পাকিস্তানে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দির উদ্বোধন করলেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেছেন। এ সময় মন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয়। এর মাধ্যমে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয় বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দির উদ্বোধন করলেন

নরেন্দ্র মোদি এ উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মোদির সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আবন্দীবেন প্যাটেল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএএস) প্রধান মোহন ভাগবত।

মোদি হাতে পদ্মফুল নিয়ে পূজা করেন বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আরএসএস ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক পরামর্শদাতা। অনুষ্ঠানে মোদি ও ভাগবত পরস্পর পাশাপাশি বসে থাকার মাধ্যমে (যা গণমাধ্যমে সরাসরি প্রদর্শিত হয়েছে) রামমন্দির বিজেপি-আরএসএসের যৌথ প্রকল্প বলে স্বীকার করে নেওয়া হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।

এদিন স্থানীয় সময় সকাল ১০টার পর মোদি অযোধ্যায় পৌঁছান। এ সময় তাকে বহনকারী হেলিকপ্টার থেকে নেওয়া অযোধ্যার একটি ভিডিও শেয়ার করেন মোদি।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব শেষে রামমন্দির থেকে বের হয়ে মন্দির চত্বরে ১১ দিনের উপোস ভাঙেন ভারতীয় প্রধানমন্ত্রী। এখানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি।

ভারতীয় নায়ক নায়িকাদের দেহরক্ষী কার কত পারিশ্রমিক

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

তারকাদের যেমন খ্যাতি রয়েছে, তেমনি রয়েছে দুশ্চিন্তা। সর্বক্ষণ নিরাপত্তার চাদরে থাকতে হয় তাদের। আমরা প্রায়শই আমাদের প্রিয় তারকাদের অতিরিক্ত সতর্ক দেহরক্ষী দিয়ে পাহারা দিতে দেখি, যাতে নিরাপত্তার কোনো ত্রুটি না হয় বা কেউ তাদের কাছাকাছি না যায়। তারকা অভিনেতাদের বডিগার্ড অর্থাৎ দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ব্যক্তিরা প্রায়শই জনসাধারণের ভিড়ের হাত থেকে তাদের রক্ষা করেন।

এমনকি যেকোনো অঘটন, হুমকি ও বিপদ থেকে রক্ষা করতে নিজের প্রাণ দিতেও পিছপা হন না এই দেহরক্ষীরা। ছায়ার মতো ২৪ ঘণ্টা তারকাদের সঙ্গে লেগে থাকেন তারা। দায়িত্বের জন্য তারা যেমন জীবন বাজি রাখেন, তেমনি তাদের পারিশ্রমিকও আপনাদের হতবাক করে দেবে। চলুন জেনে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী কিছু তারকার দেহরক্ষীদের পারিশ্রমিক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তাদের বার্ষিক আয় জেনে নিন।

শাহরুখ খান : বলিউডের বাদশাহ তিনি। যেখানেই যান হাজারো মানুষের ভিড় জমে যায়। তাই তাকে নিরাপত্তা দিতে সর্বদা সচেষ্ট থাকতে হয় তাঁর দেহরক্ষীর।

শাহরুখ খানের দেহরক্ষীর নাম রবি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তিনি বছরে পারিশ্রমিক নিয়ে থাকেন ২.৭ কোটি রুপি। শাহরুখের সবচেয়ে ভরসার কর্মী তিনিই। আরিয়ানকে তিনিই আগলে রাখেন সব সময়।

সালমান খান : ফিল্মি দুনিয়ায় সালমান খান যেমন তুমুল জনপ্রিয়, তেমনি তাঁর দেহরক্ষীও ভীষণ জনপ্রিয়।

বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন সালমানের রক্ষাকর্তা শেরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, পারিশ্রমিক হিসেবে বছরে তিনি নিয়ে থাকেন ২ কোটি রুপি।

আমির খান : বলিউডের পারফেকশনিস্ট আমির খানের দেহরক্ষীর নাম যুবরাজ ঘোরপাড়ে। আমির খানের মতো তাঁরও বার্ষিক আয় কম নয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বছরে দুই কোটি রুপি পারিশ্রমিক পান তিনি।

ক্যাটরিনা কাইফ : বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের নিরাপত্তা নিশ্চিত করেন তাঁর দেহরক্ষী দীপক সিংহ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বছরে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ১ কোটি রুপি।

অক্ষয় কুমার : বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার পর্দায় বা বাস্তব জীবনে মারমুখী হলেও তাঁকে দেখে রাখার জন্যও সর্বদা নিয়োজিত থাকেন একজন দেহরক্ষী, যার নাম শ্রেয়সে। বহু বছর ধরে সুপারস্টারের সঙ্গে রয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তাঁর বার্ষিক আয় ১.২ কোটি রুপি।

আলিয়া ভাট : ভাট পরিবারের কন্যা হওয়ায় ছোটবেলা থেকেই নিরাপত্তার চাদরে থাকেন আলিয়া ভাট। আলিয়া যখন ছোট, সুনীল তালেকর তাকে রক্ষা করতেন সব সময়। এখনো তাকেই নিজের দেহরক্ষী হিসেবে রেখেছেন আলিয়া। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বছরে সুনীলের আয় ১ কোটি রুপি।

অমিতাভ বচ্চন : অমিতাভের ছায়াসঙ্গীর নাম জিতেন্দর শিন্ডে। বহু বছর ধরে বিগ বিকে নিরাপত্তা দিয়ে আসছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অমিতাভকে সব বিপদ-আপদ থেকে রক্ষা করার জন্য তিনি বছরে পান ১.৫ কোটি রুপি।

দীপিকা পাড়ুকোন : বলিউডের শীর্ষ নায়িকা তিনি। বছরে ২-৩টি হিট চলচ্চিত্র উপহার দিয়েই যাচ্ছেন। আয়ও সব নায়িকার চেয়ে অনেক বেশি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জালাল বছরে পারিশ্রমিক পান ২ কোটি রুপি। সারাক্ষণই দীপিকাকে ঘিরে থাকেন জালাল।

Daily World News

 

ব্যারিস্টার সুমন উপস্থিতি উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় ও বর্ধিত সভায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১দিন যাবৎ কৃচ্ছ্রসাধনা, জপ, ধ্যান এবং পূজা করছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১দিন যাবৎ কৃচ্ছ্রসাধনা, জপ, ধ্যান এবং পূজা করছেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

ভারতের অযোধ্যায় রামমন্দিরে আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছেন ১১ দিনের ব্রত পালন। এ লক্ষ্যে ১২ জানুয়ারি শুক্রবার থেকে মোদি ‘ব্রত পালনের’ নিয়ম মেনে দিনের বেশ কিছু সময় ‘নীরব’ থাকছেন। পালন করছেন মৌনতা। কৃচ্ছ্রসাধনের সঙ্গে থাকছে জপ, ধ্যান এবং পূজাপর্বও। সেই সঙ্গে পালন করছেন তার প্রিয় যোগচর্চা। খবর এনডিটিভি, টিএনএন, আনন্দবাজার পত্রিকার।

নরেন্দ্র মোদির ১১ দিনব্যাপী ‘ব্রত পালনের’ রীতিতে তপস্যা এবং শরীর-মন পরিষ্কারের বিষয় রয়েছে। ধ্যান এবং ‘সাতভিক’ খাওয়ার মাধ্যমে শরীর-মন দুটোই পরিষ্কার হয়। এই সাতভিক পেঁয়াজ, রসুন এবং অন্যান্য খাদ্যপণ্য ছাড়া তৈরি করা হয়। রীতি অনুযায়ী, রামমন্দির উদ্বোধনের আগে পর্যন্ত প্রধানমন্ত্রীর বাংলোর মেঝেতেই মোদি কেবল একটি কম্বল বিছিয়ে ঘুমাচ্ছেন। আর পানীয় হিসাবে পান করছেন শুধুমাত্র নারিকেলের পানি।

১১ দিনের ব্রত পালন পর্বে ভোরের ‘ব্রাহ্মমুহূর্তে’ মোদি শয্যা ত্যাগ করছেন। এরপর চলছে তার যোগ, শরীরচর্চা এবং ধ্যানপর্ব। ‘ব্রত পালনে’র নিয়ম মেনে পূজার্চনার পাশাপাশি, ১১ দিন ধরে তিনি নিয়মিত নানা হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করছেন। গোপূজার সঙ্গে সঙ্গে তিনি দৈনিক নিয়মিত গরুকে খাবার দিচ্ছেন। আর দান ধর্ম পালনের অংশ হিসাবে মানুষের মাঝে প্রধানমন্ত্রী মোদি অন্ন ও বস্ত্র বিতরণ করছেন। একজন একনিষ্ঠ রামভক্ত হিসাবে মোদি গত কয়েক দিনে নাসিক, অন্ধ্রপ্রদেশ, কেরালাসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মন্দির পরিদর্শন করেছেন।

ব্রত পালন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে আর মাত্র ১১ দিন বাকি। প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতবাসীর প্রতিনিধিত্ব করতে ঈশ্বর আমাকে প্রস্তুত করেছেন। এ কথা স্মরণে রেখে আমি আজ থেকে ১১ দিনের বিশেষ ব্রত পালন শুরু করছি।’

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরে ‘প্রাণ প্রতিষ্ঠার’ জন্য পূজা দেবেন মোদি। লক্ষ্মীকান্ত দিক্ষিতের নেতৃত্বাধীন পুরোহিতের একটি দল প্রাণ প্রতিষ্ঠা পূজার মূল রীতিনীতিগুলো পালন করবেন। মন্দির কমিটি বলেছে, ‘প্রাণ প্রতিষ্ঠা’ মানে মূর্তিকে ঐশ্বরিক চেতনায় আত্মসাৎ করা এবং মন্দিরে পূজা করা প্রতিটি মূর্তির জন্য এটি অপরিহার্য। এর জন্য শুভ সময় ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা।

অযোধ্যার রামমন্দিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে মন্দিরের ভেতর রামের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এতে রামের ছোটবেলার (পাঁচ বছর বয়সি) প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। রামমন্দির অভিষেক অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করবেন ১১ হাজার অতিথি। দেশ-বিদেশের এসব অতিথিকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে মন্দির ট্রাস্ট বিভাগ। কেন্দ্রীয় সরকার সব অফিসে অর্ধেক বেলা বন্ধ ঘোষণা করেছে।

অভিষেক অনুষ্ঠানের কারণে সারা দেশের মন্দিরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন মোদি। গত সপ্তাহে, তিনি নিজেই ‘স্বচ্ছতা অভিযান’-এর অংশ হিসাবে মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সন্ধ্যায় শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী।

পরে নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে সকালে গণভবনে গিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সর্বপ্রথম প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অভিনন্দন জানান তিনি।

সাক্ষাৎকালে শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন।

প্রণয় কুমার ভার্মা বলেন, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভারত বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে। তিনি এ সময় মুক্তিযুদ্ধে দুই দেশের অভিন্ন আত্মত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ও দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের পক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। কথামতো শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্ত্রী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সব রাষ্ট্রনেতাকে ছাড়িয়ে গেলেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

জনপ্রিয়তার নিরিখে নানা সমীক্ষায় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাকে একাধিকবার পেছনে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এবার ইউটিউব সাবস্ক্রিপশনের নিরিখে রেকর্ড গড়লেন তিনি।

মোদিই প্রথম কোনো রাষ্ট্রনায়ক, যার ইউটিউবে এ বিপুল পরিমাণ সাবস্ক্রিপশন। মঙ্গলবার দুই কোটি পেরিয়ে গেছে মোদির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনরো। যদিও মোদির থেকে অনেকখানিই পিছিয়ে তিনি। তার সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৪ লাখ।

১১ লাখ সাবস্ক্রাইবার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতে থাকা যুদ্ধের আবহে বেড়েছে তার সাবস্ক্রাইবারের সংখ্যা। জেলেনস্কির পর চার নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউটিউব চ্যানেলে তার দর্শক ৭ লাখ ৯৪ হাজার।

তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাব// বাংলাদেশ ভূরাজনৈতিক বিবেচনায় এগোবে যদি ভরতের আপত্তি থকে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেছেন, তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবে ভারতের আপত্তি থাকলে ভূরাজনৈতিক বিবেচনায় এগোতে হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ২১ ডিসেম্বর বলেছেন, এরই মধ্যে বাংলাদেশ থেকে তিস্তা নদীবিষয়ক কয়েকটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব আমরা পেয়েছি। আসন্ন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তিস্তা নদীর উন্নয়নে চীন কাজ করতে আগ্রহী। আশা করছি, আগামী ৭ জানুয়ারির নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে পারব।

চীনের রাষ্ট্রদূতের মন্তব্য সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কী? বাংলাদেশ চীনের কাছে তিস্তা নদীর উন্নয়নসংক্রান্ত প্রকল্প প্রস্তাব করেছে কি না। এই প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের সময়কাল এবং ব্যয় কত? এ সকল প্রশ্নের উত্তরে সেহেলী সাবরীন বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তারা সহযোগিতা করে আসছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার ব্যাপারেও চীন আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিবেচনা করে দেখবে।

চীন বলছে নির্বাচনের পর তিস্তা প্রকল্পে কাজ শুরু হবে। কিন্তু চীন যেখানে তিস্তার কাজ করবে, তার থেকে শিলিগুড়ি করিডোর খুব দূরে নয়। শিলিগুড়ি করিডোরকে ভারত ‘চিকেন্স নেক’ নামেও অভিহিত করে। দেশটি মনে করে, তিস্তা উন্নয়নে কাজের নামে চীন এটাকে নিজেদের কবজায় নিতে চায়। এ কারণে ভারত তার চিকেন নেকের সামনে চীনের উপস্থিতি দেখতে চায় না। এ ক্ষেত্রে তিস্তায় চীনের কাজ নিয়ে ভারতের আপত্তি কতটুকু আমলে নেওয়া হবে?

এমন প্রশ্নের উত্তরে সেহেলী সাবরীন বলেন, এ রকম অনুমাননির্ভর প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ নয়। এ রকম কোনো প্রস্তাব যদি থাকে, তখন ভূরাজনৈতিক বিবেচনায় এগোতে হবে।

বাজাজ এন২৫০ মোটরসাইকেল বাজারে আনছে উত্তরা মোটরস লিমিটেড

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দেশের বাজারে প্রথমবারের মতো আসছে ভারতীয় কোম্পানি বাজাজের ২৫০ সিসির একটি মোটরসাইকেল। উত্তরা মোটরস লিমিটেড তাদের স্থানীয় কারখানায় তৈরি করে এ মোটরসাইকেল বাজারে আনছে। প্রাথমিকভাবে ২৫০ সিসির ৫০০ থেকে ৬০০ মোটরসাইকেল বাজারে আনা হবে বলে জানা গেছে।

বাজারসংশ্লিষ্টরা বলেছেন, এটিই ২৫০ সিসির প্রথম মোটরসাইকেল, যা বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে।

২৫০ সিসির নতুন মডেলের এই মোটরসাইকেলের ব্র্যান্ড নাম বাজাজ পালসার এন২৫০। দেশে বাজাজের মোটরসাইকেল বাজারজাত করে উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা জানান, ২৫০ সিসির মোটরসাইকেলটি বাজারে আনতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। শিগগিরই এটির বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।

বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস প্রযুক্তি। ডুয়েল চ্যানেল এবিএস ফিচারটি মোটরসাইকেলের চাকা লক না হওয়া বা আটকে যাওয়া অথবা যে কোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিয়ে কাজ করে।

ব্রুকলিন ব্ল্যাক রঙের মোটরসাইকেলটিতে থাকবে বাই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও গ্লিটার প্যাটার্নের এলইডি টেইল ল্যাম্প। রয়েছে ইউএসবি মোবাইল চার্জিং ব্যবস্থাও। মোটরসাইকেলটির সামনে ৩৭ মিলিমিটারের টেলিক্সপিক সাসপেনশন ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন।

মোটরসাইকেলটির ইঞ্জিনটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ধরনের। ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২১ দশমিক ৫ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। মোট ১৪ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটির বাইকটির ওজন ১৬২ কেজি। বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলে ৪৫ কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে।

দেশে মোটরসাইকেলের চাহিদা বাড়ছে, বাজারও দিন দিন বড় হচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর— ১০ মাসে দেশে মোট ৩ লাখ ৪৯ হাজার ৮৯২টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে মোটরসাইকেল বিক্রিতে প্রবৃদ্ধি সম্প্রতি কিছুটা কমেছে বলে তাঁরা মনে করেন।