//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//
ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহরের একটি গির্জায় ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবর শনাক্ত করা হয়েছে। মার্কিন মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিসের পক্ষ থেকে স্যাটেলাইট চিত্র প্রকাশ করে এমন দাবি করা হয়।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নতুন প্রাপ্ত স্যাটেলাইট চিত্র প্রকাশ করে মাক্সার টেকনোলজিস বলছে, বুচার সেন্ট অ্যান্ড্রু অ্যান্ড পেয়ারভজভান্নোহো অল সেইন্টস গির্জায় গণকবরের সন্ধান পাওয়া গেছে গত ১০ মার্চ। এরপর ৩১ মার্চ গির্জা এলাকার দক্ষিণ-পশ্চিম অংশে প্রায় ৪৫ ফুট দীর্ঘ পরিখাযুক্ত একটি সমাধিস্থল দেখতে পাওয়া গেছে।
অবশ্য মাক্সার টেকনোলজিসের প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলো যথার্থভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে রয়টার্স।
এদিকে শনিবার ( ২ এপ্রিল) রয়টার্সের সাংবাদিকেরা বুচা শহর পরিদর্শন করে জানিয়েছিলেন, একটি গির্জা এলাকায় শনাক্ত হওয়া গণকবর এখনো উন্মুক্ত অবস্থায় রয়েছে। সেখানে লাল কাদামাটি ভেদ করে মানুষের হাত-পা বের হয়ে আছে।
রয়টার্স জানিয়েছে, মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের গির্জা আর রয়টার্সের সাংবাদিকেরা যে গির্জা পরিদর্শন করেছেন সেটি একই কি না, তা নিশ্চিত হয়ে জানা যায়নি।
বুচা শহরের মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহগুলো দেখলেই বোঝা যায় মানুষগুলোকে মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ঠিক কতজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে রুশ বাহিনী সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের সাংবাদিকেরাও ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেছেন। শহরের একটি রাস্তাতেই কমপক্ষে ২০টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা, যাদের সকলের পরনেই ছিল বেসামরিক পোশাক।
প্রসঙ্গত, ইউক্রেনের রাজধানী কিয়েভের ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর বুচা। প্রায় এক মাস ধরে রুশ সেনাবাহিনীর দখলে থাকার পর সম্প্রতি এর নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন।

