//এম মুরশীদ আলী, খুলনা//
দেশের প্রান্তিক ও নিম্নআয় পরিবারের জন্য আর্থিক সহায়তা স্বরুপ ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ লক্ষ্যে রূপসার ৫টি ইউনিয়নের মধ্যে আবেদনকারীর নিয়োগ পরীক্ষা গত ২৯ ও ৩০ জুলাই উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
পরীক্ষা চলাকালে দেখা গেছে প্রায় ৮০০ পরীক্ষার্থী এ পদ ২ টিতে অংশগ্রহণ করেছে। এসময় আগত পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরীক্ষায় অংশগ্রহণ শেষে একাধিক পরীক্ষার্থী জানান, বেশ কয়েক বছর পরে স্থানীয় ভাবে একটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। আশা করছি উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি সহযোগিতা নিয়ে দেশের মানুষের জন্য কিছু করতে পারবো।

নিয়োগ বোর্ড কমিটির সদস্য সচিব সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার জানান, সুপারভাইজার পদে ১০৭ জন এবং তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী পদে ৬৫০ জন আবেদনকারীর মৌখিক ও ব্যবহারীক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের মধ্যে তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী পদে ৭২ জন এবং সুপারভাইজার পদে ৬ জন। (মোট ৭৮ জন) অস্থায়ী ভিত্তিতে ৪৫ দিনের জন্য নিয়োগ পাইবেন। নির্বাচিতরা উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রান্তিক ও নিম্নআয় পরিবারের তথ্য সংগ্রহ পূর্বক স্মার্টফোন বা ট্যাবলেটে সংরক্ষণ করবেন।
নিয়োগ বোর্ডে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তার সার্বিক ব্যবস্থাপনায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিধি মোতাবেক মৌখিক ও ব্যবহারীক পরীক্ষা সময়োপযোগী ব্যবস্থা গ্ৰহন করা হয়েছে।
এ পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেছেন- সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার তরুণ কুমার বালা, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, কমিটির সদস্য- মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন।

