হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রিয় কমিটি প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে এক মহিলা ধর্ষণের মামলা দায়ের করেছেন। গতকাল (শুক্রবার) চট্টগ্রামের হাটহাজারী থানায় এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯/২১।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক নারী জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জাকারিয়া নোমান ফয়েজীর সাথে উক্ত মহিলার পরিচয় ঘটে। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসআপে তাদের নিয়মিত চ্যাটিং হতো। বিয়ের প্রলোভন দেখিয়ে মহিলাকে ২০১৯ সালের নভেম্বরে হাটহাজারী উপজেলার কনক ভবনের নিচতলায় বাসা ভাড়া করে দেন ফয়েজী।
উক্ত স্থানে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ এক বছর মহিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ফয়েজী। মহিলাটি গত বছর হাটহাজারী থেকে মহানগরীর নিজ খালায় বাসায় চলে আসার পরও বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে গিয়ে সুকৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে ধর্ষণ করেন ফয়েজী।
মামলাটি তদন্তের জন্য হাটহাজারী থানার এসআই মোহাম্মদ মুকিব হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

