এম মুরশীদ আলী :
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষন সনদপত্র বিতরণ গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

যুব দিবসের আলোচনা সভায়, সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তিনি যুদ্ধবিধ্বস্ত সদ্যস্বাধীন দেশ পুনর্গঠনে সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি দেশ পুনর্গঠনের কাজে তাদের নিয়োজিত করেছিলেন। বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের মূলধারায় যুবসমাজকে সম্পৃক্ত করতে দেশব্যাপী বিভিন্ন প্রকল্প ও যুবকর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।.

তিনি আরও বলেন, দেশকে আলোকিত রাখতে হলে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন কারিগরি, কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষিতদের যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করাতে পরেছে। দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও যুবদের কর্মসংস্থানের প্রসার ঘটেছে। যুবসমাজকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কর্মসংস্থান, আত্মোন্নয়ন ও সমাজ বিনির্মাণে গতিশীল ভূমিকা রাখতে কাজ করছে সরকার। শিশু, বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিও যুবসমাজকে দায়িত্বশীল হয়ে সমাজ-রাষ্ট্র থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলেও এগিয়ে আসার আহ্বান জানান।
সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাও: আব্দুল্লাহ যোবায়ের, এবং স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান।
আলোচনায় শিক্ষা কর্মকতা আমিনুল ইসলামের পরিচালনায় বিভিন্ন যুব সংগঠনের মধ্যে থেকে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন বিল্পব ও তাহেরা তাসলিমা। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মো: নাহারুল ইসলাম, সনিয়া আক্তার, শাহ আনিস প্রমূখ।
আলোচনা শেষে ঔষধি গাছের চারা ও ফুটবল দেওয়া হয়।

