খুলনা সিটির মেয়র উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে

খুলনা সিটির মেয়র উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে

//খুলনা ব্যুরো//

উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকাত্যাগ করেছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে খুলনা সিটি মেয়র ঢাকাত্যাগ করেন। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। সিটি মেয়রের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়য়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভাইজি সুমাইয়া সুলতানা মেঘলা ও জামাই মঈনুল ইসলাম।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. রেদওয়ান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়র আগের থেকে অনেকটা সুস্থ। তিনি পায়ে হেঁটে বিমানে উঠেছেন।

সিটি মেয়রের পরিবারের সদস্যরা জানান, গত ৭ মে তীব্র জ্বর, ডায়াবেটিস ও প্রস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন নিয়ে মেয়র খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পর দিন থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বছর তার প্রস্টেট গ্ল্যান্ডে অপারেশন করা হয়েছিল। বর্তমানে অপারেশনের ওই স্থানে ইনফেকশন হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *