//আবুল হাসেম, চট্টগ্রাম//
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ লিংক রোডে পাহাড় কাটার অভিযোগে মো. ইয়াকুব নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মামলায় অবৈধভাবে পাহাড়, টিলা কর্তন করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(খ) ধারায় অভিযোগ করা হয়।
গত ১৪ মার্চ পাহাড় কেটে প্রাচীর নির্মাণ করায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা করেন তারা।
জানা যায়, শুষ্ক মৌসুমের সুবিধাকে কাজে লাগিয়ে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন অসংখ্য পাহাড়কে ন্যাড়া করে দখলের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালী ও ভূমিদস্যুরা। ইতোমধ্যে সড়কটির আশপাশের অনেক পাহাড় কেটে আরসিসি পিলার দিয়ে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে। আবার টিনের ঘেরাও দিয়ে কৌশলে সবুজ পাহাড় কাটা হচ্ছে। কোথাও বৃক্ষরোপণ অভিযানে, বৃক্ষপ্রকল্প সাইনবোর্ড ঝুলিয়েও পাহাড় কাটা ও দখলের প্রতিযোগিতা শুরু করেছে প্রভাবশালীরা।
গণমাধ্যমে প্রচারিত নানান প্রতিবেদনের সূত্র ধরে গত ২১ মার্চ বায়েজিদ-ফৌজদার হাট লিংক রোডে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম। সে সময় পাহাড় কাটার অভিযোগে মো. এয়াকুবকে শুনানির নোটিশ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে শুনানিতে দেখা যায়, জায়গাটি টিলা শ্রেণিভুক্ত। এরপর মো. এয়াকুবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেন অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস।
পরে সন্ধ্যায় আকবর শাহ থানায় লিখিত এজাহার দায়ের করেন কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। পরিবেশ অধিদপ্তরের লিখিত এজাহারটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্ত্রান হবে ৪ লক্ষ মানুষের

