জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের রামপালে ৩৬ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার(১৪ ফেব্রুয়ারি ) দিবাগত গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার চ্যাটার্জীখালী এলাকায় একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় গৃহবধুর স্বামী আলামিন বাদী হয়ে রামপাল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানাযায়, ঐ নারী এবং তার স্বামী রামপাল উপজেলার চ্যাটার্জীখালী এলাকার এক ব্যক্তির মৎস্য ঘেরে পাহারাদার হিসেবে কাজ করেন। বুধবার রাতে ঐ নারী এবং তার স্বামী খাওয়ার পর ঘেরের বাসায় ঘুমাতে যায়। জরুরি কাজে স্বামী বাইরে গেলে তার স্ত্রী ঘেরের বাসায় একা থাকেন। সুযোগবুঝে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘেরের বাসায় ঢুকে ঐ নারীকে ধর্ষণ করে। তবে ঐ নারী ধর্ষককে চিনতে পারেনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাসের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূকে উদ্ধার করে মেডিকেল করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামী সনাক্তের জোর চেষ্টা চলছে।#

