দুর্নীতির দায়ে চাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রকৌশলী (পুর) আ হ ম আব্দুল্লাহ হারুন। তার বিরুদ্ধে ১২ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে তাকে অপসারণের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, তিনি অনুমোদিত নকশা অনুযায়ী কাজ শেষ না করে ভৌতিক এবং অতিরিক্ত বিল পরিশোধ করে আর্থিক ক্ষতি করেছেন। ডিএসসিসি সূত্র জানায়, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালীন আব্দুল্লাহ হারুন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ডিপোজিট ওয়ার্কের আওতায় একটি দরপত্র আহবান করে।
এতে কমলাপুর টিটিপাড়া থেকে দক্ষিণ কদমতলী পর্যন্ত ছয় কিলোমিটার রেললাইনের দুই পাশে জমা মানববর্জ্য মাটি ও রাবিশ অপসারণ এবং ডাম্পিং করার কাজটিকে তিন গ্রুপে ভাগ করে ২৮ কোটি টাকার দরপত্র আহ্বান করেন। এতে বিভিন্ন অনিয়ম এবং কাজের পরিধি ও নির্ধারিত ব্যয়ের মধ্যে ব্যাপক অসামঞ্জস্যতা দেখা যায়। যেখানে মোট বর্জ্য মাটি ও রাবিশ ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টন। যার মধ্যে বর্জ্যরে পরিমাণ হবে সর্বোচ্চ ৫ হাজার টন।
অবশিষ্ট এক লাখ ১৫ হাজার টন মাটি ও রাবিশ যা বিক্রয়যোগ্য থাকলেও তা ডাম্পিং বাবদ দরপত্র ব্যয় ধরা হয় ১১ কোটি ৮৮ লাখ টাকা।
অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯-এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশন স্বার্থ রক্ষার্থে চাকরি থেকে তাকে অপসারণ করা হয়েছে। সূত্র: যুগান্তর
//অনলাইন নিউজ//
চক্রব্যূহে ইউক্রেন// রাশিয়া চার দিক থেকে ঘিরে হামলা: কোন কোন জায়গা দখল…

