আসন্ন নীলফামারীর ডোমার পৌরসভার নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতীদ্বন্দ্বী প্রার্থীরা।
রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল পঁাচটা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণী মর্যাদার ডোমার পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে গণেশ কুমার আগরওয়ালা মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় দলটির পক্ষ থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। তবে দলটির বর্তমান কোন পদে না থাকা ডোমার উপজেলা শাখার সাবেক সভাপতি বর্তমান পৌরসভা মেয়র মনছুরুল ইসলাম দানু এবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন মেয়র পদে প্রতীদ্বন্দ্বীতা করতে।
এছাড়াও পৌরসভাটি প্রতিষ্ঠা লগ্নের পর এই প্রথমবার মেয়র পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন আফরোজা নাজনীন রুমি। তিনি ডোমার পৌরসভার আওয়ামী লীগ দলীয় সাবেক মেয়র প্রয়াত আজহার হোসেনর ছোট বোন।
ডোমার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী ১০ অক্টোবর ছিল ডোমার পৌর নির্বাচনে প্রতীদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। কিন্তু শুক্রবার সরকারি ছুটি থাকায় প্রার্থীদের কথা বিবেচনা করে দাখিলের সময় একদিন বৃদ্ধি করা হয়।
রোববার শেষ দিনে উৎসব মূখর পরিবেশে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৯ জন সম্ভাব্য প্রতীদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় একজন এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী রয়েছেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের তিনটি পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডেও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
আগামী ১১ অক্টোবর মনোনয়ন যাচাইবাছাই, ১৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ১৮ অক্টোবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।
এই পৌরসভাটিতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৩ হাজার ৫৪০জন ভোটারের মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন রয়েছে।
আগামী ২ নভেম্বর পৌরসভাটির ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
// নীলফামারী সংবাদদাতা//
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

