৫৭ বছর বয়সে জিপিএ ৪.২৫ পেয়ে এসএসসি পাশ করলেন ট্রাফিক পুলিশ আব্দুস ছামাদ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

বগুড়ায় কর্মরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আব্দুস ছামাদের (৫৭) অবসরজীবন শুরু হতে বাকি মাত্র ২ বছর ১০ মাস।  স্ত্রীর অনুপ্রেরণায় ৫৭ বছর বয়সে এসএসসি পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

জিপিএ ৪ দশমিক ২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ছামাদ।

রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলে তার এ সাফল্যর খবরটি জানা যায়। ছামাদ রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত আছেন।

ছামাদ জানান, গত দুই মাস আগে বগুড়া পুলিশে যোগদান করেন তিনি। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলেন। সেখানে নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ায় তার পড়ালেখা চালিয়ে যেতে সুবিধা হয়।  তবে পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগেই বগুড়ায় বদলি হয় তার।

তিনি জানান, ১৯৮৭ সালের ১০ অক্টোবর ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পান। নিম্নবিত্ত পরিবারের সন্তান সামাদের আরও দুই ভাই ও এক বোন আছেন। তাই পরিবারের হাল ধরতে সেই সময় অষ্টম শ্রেণি পাশ করেই তিনি পুলিশে যোগদান করেন। পরে কর্মস্থলের বাস্তবতায় আর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি। তবে চাকরির শেষ সময়ে এসে স্ত্রীর অনুপ্রেরণায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলে বাজিমাত করেন সামাদ।

এ বিষয়ে বগুড়া পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজফিড ভরে গেছে শিক্ষার্থীদের ফলাফলের আনন্দের সংবাদে। কিন্তু সব আনন্দ ছাপিয়ে জেলা পুলিশ বগুড়ার জন্য অনন্য আনন্দের উৎস ৫৭ বছর বয়সে কারিগরি শাখা থেকে জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ বগুড়ার ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুস ছামাদ। ১৯৮৭ সালে অষ্টম শ্রেণি পাস করে বাংলাদেশ পুলিশে তার যোগদান। অবসরজীবন শুরু হতে বাকি মাত্র ২ বছর ১০ মাস। ৩৭ বছরের সুদীর্ঘ চাকরি জীবনে কর্মস্থলের বাস্তবতা, শত অপ্রাপ্তি আর জীবনের নিদারুণ দুঃখগাঁথা কঠোর পরিশ্রম, অধ্যবসায়, দৃঢ়প্রতিজ্ঞা, অদম্য ইচ্ছাশক্তি, নিষ্ঠার বিনিময়ে হারিয়ে গেল একনিমিষেই। জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে ৫৭ বছর বয়সে এসএসসি বিজয়ী জীবনযুদ্ধে পিছিয়ে পড়াদের অনন্য অনুপ্রেরণা ট্রাফিক কনস্টেবল আব্দুস সামাদকে আন্তরিক অভিনন্দন।’

স্করপিয়ন এক কুখ্যাত মানব পাচারকারী|| যেভাবে সন্ধান পাওয়া গেল

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

বারজান মাজিদ ওরফে স্করপিয়ন—ইউরোপে মানব পাচারে জড়িত কুখ্যাত এক ব্যক্তি। ২০২২ সালে বেলজিয়ামের আদালতে সাজা হওয়ার পর থেকে লাপাত্তা তিনি। ইরাকের এই নাগরিকের সন্ধানে মাঠে নামেন বিবিসির সাংবাদিক সু মিটসেল। দেশে দেশে ঘুরে বহু চেষ্টা–তদবিরের পর শেষ পর্যন্ত দেখা পান স্করপিয়নের। সুযোগ হয় আলাপের। রোমাঞ্চকর সেসব অভিজ্ঞতাই সবার সামনে তুলে ধরেছেন তিনি।

ইরাকের একটি শপিং মল। মুখোমুখি বসে ছিলাম ইউরোপের সবচেয়ে কুখ্যাত মানব পাচারকারীদের একজনের সঙ্গে। তাঁর নাম বারজান মাজিদ। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় তাঁর নাম রয়েছে।

মাজিদের সঙ্গে আমার কথা হয়েছিল দুই দফায়। ইরাকের ওই শপিং মলে, আর পরদিন তাঁর অফিসে। কত অভিবাসীকে তিনি ইংলিশ চ্যানেল পার করিয়েছেন, সে সম্পর্কে ধারণাও নেই তাঁর। মাজিদ বললেন, ‘তা ১ হাজারও হতে পারে, ১০ হাজারও হতে পারে। আমি আসলে সঠিক জানি না। কারণ, সংখ্যাটা গুনে দেখিনি।’

এই মানব পাচারকারীর সঙ্গে সাক্ষাৎ করাটা কয়েক মাস আগেও আমার কাছে একপ্রকার অসম্ভব মনে হতো। তিনি আরেকটা নামেও পরিচিত—‘স্করপিয়ন’ (কাঁকড়াবিছা)। এই নামের মানুষটিকেই প্রথম আমি খুঁজতে বেরিয়েছিলাম। এ কাজে সঙ্গে পেয়েছিলাম রব লরিকে। সাবেক এই সেনাসদস্য এখন অভিবাসীদের নিয়ে কাজ করছেন।

স্করপিয়ন বা মাজিদ—যে নামেই ডাকা হোক না কেন, বছরের পর বছর ধরে তিনি ও তাঁর দলবল মিলে ইংলিশ চ্যানেল দিয়ে মানব পাচার করে গেছেন। ২০১৮ সাল থেকে গত মাস পর্যন্ত এই চ্যানেল নৌকায় করে পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ৭০ জনের বেশি। এর মধ্যে ফ্রান্সের উপকূলে সাত বছর বয়সী একটি শিশুসহ মৃত্যু হয়েছে পাঁচজনের।

নৌকায় করে এই যাত্রা বেশ বিপজ্জনক। তবে অর্থ কামানোর জন্য পাচারকারীদের কাছে কাজটি বেশ আকর্ষণীয়। ইংলিশ চ্যানেল পার করাতে জনপ্রতি ছয় হাজার পাউন্ড বা প্রায় ৯ লাখ টাকা নিয়ে থাকেন তাঁরা। ২০২৩ সালে প্রায় ৩০ হাজার অভিবাসী এই চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। এ থেকে বোঝাই যায়, পাচারকারীদের লাভের অঙ্কটা কত বড়।

স্করপিয়নের প্রতি আমাদের আগ্রহের শুরু ছোট্ট একটি মেয়েশিশুর সঙ্গে সাক্ষাতের পর। উত্তর ফ্রান্সের একটি অভিবাসী শিবিরে খোঁজ পেয়েছিলাম তার। একটি ডিঙিনৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ যেতে বসেছিল ওই শিশুর। নৌকাটি সাগরে চলাচলের জন্য মোটেও উপযুক্ত ছিল না। এমনকি সেটির ১৯ আরোহীর জন্য কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থাও ছিল না।

স্করপিয়ন এক কুখ্যাত মানব পাচারকারী|| যেভাবে সন্ধান পাওয়া গেল
ভূমধ্যসাগরে শরণার্থীবোঝাই একটি নৌকা এভাবেই ডুবে যাচ্ছিলরয়টার্সের ফাইল ছবি

যুক্তরাজ্যের পুলিশ কর্মকর্তারা যখন অবৈধ অভিবাসীদের আটক করেন, তখন তাঁদের মুঠোফোনগুলো যাচাই–বাছাই করে দেখেন। ২০১৬ সালের পর থেকে সন্দেহজনক একটি নম্বরই বারবার সামনে আসছিল। ওই মুঠোফোনগুলোয় নম্বরটি স্করপিয়ন নামে রাখা ছিল। কখনো কখনো একটি কাঁকড়াবিছার ছবি দিয়েও নম্বরটি সেভ করা হয়েছিল।

এই স্করপিয়ন কে, তা আমাদের কাছে খোলাসা করেছিলেন মার্টিন ক্লার্ক নামের যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) একজন জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা। তিনি বলেছিলেন, তদন্তের এক পর্যায়ে বোঝা যায়, স্করপিয়ন আসলে বারজান মাজিদ নামের এক কুর্দি ইরাকি।

মাজিদ কিন্তু নিজেই পাচারের শিকার হয়েছিলেন। সে ২০০৬ সালের ঘটনা। তখন তাঁর বয়স ২০ বছর। একটি লরিতে করে তাঁকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। তবে এক বছর পর তাঁকে দেশটি ছেড়ে যেতে বলা হয়। যদিও আরও কয়েক বছর যুক্তরাজ্যে থেকে গিয়েছিলেন তিনি। এর মধ্যে কিছু সময় নানা অপরাধে কারাগারে থাকতে হয়েছিল তাঁকে।

শেষ পর্যন্ত ২০১৫ সালে মাজিদকে ইরাকে পাঠিয়ে দেওয়া হয়। এর কিছু সময় পর মানব পাচারের জগতে পা রাখেন তিনি। স্করপিয়ন নামে তাঁর পরিচিত বাড়ে। ধারণা করা হয়, বড় ভাইয়ের হাত ধরেই এ অপরাধে জড়িয়েছিলেন তিনি। তাঁর বড় ভাই তখন বেলজিয়ামের কারাগারে সাজা খাটছিলেন।

আমরা রেস্তোরাঁর ব্যবস্থাপকের কাছে মানব পাচার ব্যবসা সম্পর্কে জানতে চাইলাম। তিনি কাছে থাকা একটি বন্দুক দেখিয়ে বুঝিয়ে দিলেন, আমরা বিপজ্জনক সব মানুষকে নিয়ে কাজ করছি।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউরোপ ও যুক্তরাজ্যে মানব পাচার–বাণিজ্যের একটি বড় অংশ মাজিদ ও তাঁর দল নিয়ন্ত্রণ করত বলে মনে করা হয়। এরপর দুই বছর ধরে মানব পাচার রোধে অভিযান চালায় আন্তর্জাতিক পুলিশ। অভিযানে গ্রেপ্তার হওয়া মাজিদের দলের ২৬ সদস্যকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামের আদালতে দোষী সাব্যস্ত করা হয়। তবে মাজিদ ছিলেন পলাতক।

মাজিদের অনুপস্থিতিতেই বেলজিয়ামের একটি আদালতে তাঁর বিরুদ্ধে বিচারকাজ চলে। মানব পাচারের ১২১টি অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। ২০২২ সালের অক্টোবর মাসে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা করা হয় ১২ কোটি টাকার বেশি। এর পর থেকেই মাজিদের আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এই রহস্য ভেদ করতেই নেমেছিলাম আমরা।

স্করপিয়নের খোঁজে তুরস্কে

রব লরির এক সূত্র আমাদের ইরানের এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওই ইরানি বলেছিলেন, তিনি যখন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টায় ছিলেন, তখন তাঁর কথা হয়েছিল মাজিদের সঙ্গে। মাজিদ বলেছিলেন, তিনি তুরস্কে থাকেন। সেখান থেকেই মানব পাচার ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। বেলজিয়ামে মাজিদের বড় ভাইকেও আমরা খুঁজে বের করেছি। তিনি এখন কারাগারের বাইরে। তাঁরও ধারণা, মাজিদ তুরস্কে থাকতে পারেন।

যুক্তরাজ্যে স্থায়ী হতে চাওয়া বেশির ভাগ অভিবাসী আগে তুরস্কে কিছু সময়ের জন্য অবস্থান করেন। কারণ, যুক্তরাজ্যের অভিবাসী আইন অনুযায়ী, আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে দেশটিতে প্রবেশের জন্য ভিসা পাওয়া তুলনামূলক সহজ।

একটি সূত্র থেকে আমরা খবর পেয়েছিলাম, মাজিদকে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি রেস্তোরাঁয় দেখা গিয়েছিল। আমরা সেখানে গেলাম। তবে প্রথম দিকে এই অনুসন্ধান অতটা সহজ ছিল না। আমরা রেস্তোরাঁর ব্যবস্থাপকের কাছে মানব পাচার ব্যবসা সম্পর্কে জানতে চাইলাম। তিনি কাছে থাকা একটি বন্দুক দেখিয়ে বুঝিয়ে দিলেন, আমরা বিপজ্জনক সব মানুষকে নিয়ে কাজ করছি।

তবে খোঁজখবরের পরের ধাপে কিছুটা আশার দেখা পেলাম। খবর পেলাম, কাছের একটি মানি এক্সচেঞ্জে সম্প্রতি প্রায় ২৫ কোটি টাকা জমা দিয়েছেন মাজিদ। ওই মানি এক্সচেঞ্জে আমাদের মুঠোফোন নম্বর রেখে এলাম। সেদিন রাতেই রব লরির ফোন বেজে উঠল। তবে কোন নম্বর থেকে ফোন এসেছে, তা দেখা যাচ্ছিল না। ওপাশ থেকে একজন নিজেকে মাজিদ বলে পরিচয় দিলেন।

আমরা এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম ফোনকল রেকর্ড করার সময় পাইনি। রবের যেটুকু মনে আছে, ফোনদাতা বলেছিলেন, ‘আমি শুনলাম, আপনারা আমার খোঁজ করছেন।’ এ সময় রব জানতে চান, ‘আপনি কে? স্করপিয়ন?’ জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আপনি কি আমাকে এ নামেই ডাকতে চান? ঠিক আছে ডাকুন।’

ফোনের অপর পাশের ব্যক্তি আসলেই মাজিদ ছিলেন কি না, তা বলা দুষ্কর ছিল। তবে আমরা তাঁর সম্পর্কে যা জানতাম, তার সঙ্গে ওই ব্যক্তির কথাবার্তার মিল পেয়েছি। যেমন তিনি বলেছিলেন, যুক্তরাজ্য থেকে ইরাকে পাঠিয়ে দেওয়ার আগে তিনি নটিংহামে ছিলেন। তবে বর্তমানে মানব পাচারে জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা সত্যি নয়। গণমাধ্যমের সৃষ্টি।’

পরে ফোনকলটি কেটে গিয়েছিল। ওই ব্যক্তি কোথা থেকে ফোন করেছিলেন, তা–ও জানতে পারলাম না। তিনি আবার কখন ফোন করতে পারেন, সে সম্পর্কেও কোনো ধারণা ছিল না। এরই মধ্যে স্থানীয় এক সূত্রের কাছ থেকে খবর পেলাম, মাজিদ এখন তুরস্ক থেকে গ্রিস ও ইতালিতে মানব পাচার করছেন।

এরপর আমাদের কাছে যে তথ্য এল, তা ছিল ভয় ধরানো। নারী, শিশুসহ প্রায় ১০০ জনকে নাকি নৌকায় করে পাচার করা হচ্ছে। তবে ওই নৌকায় মাত্র ১২ জনকে বহনের লাইসেন্স রয়েছে। আর সেগুলো চালায় অনভিজ্ঞ পাচারকারীরাই। কোস্টগার্ডকে এড়াতে নৌকাগুলো যে পথ ধরে যায়, সেটিও বিপজ্জনক।

পরেরবার যখন মাজিদের ফোন এসেছিল, তখন বিষয়টি নিয়ে প্রশ্ন করলাম। এবারও তিনি পাচারে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেন। তাঁর কথায় এটাই বোঝা গেল, যাঁরা মানব পাচারের সঙ্গে সশরীর যুক্ত থাকেন, তাঁদেরই পাচারকারী বলে মনে করেন তিনি; যাঁরা নিয়ন্ত্রণ করেন, তাঁরা নন।

অবশেষে সাক্ষাৎ

এরই মধ্যে আমাদের এক সূত্র জানালেন, তিনি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়া শহরের একটি মানি এক্সচেঞ্জে মাজিদকে দেখেছেন। আমরা সেখানে গেলাম। সিদ্ধান্ত নিলাম, যদি ইরাকে মাজিদের খোঁজ না পাই, তাহলে এ নিয়ে আর এগোব না।

এর এক পর্যায়ে ইরাকে মাজিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রবের ওই সূত্রের। মাজিদ আমাদের নিয়ে খুবই সন্দেহের মধ্যে ছিলেন। তাঁর ধারণা ছিল, আমরা অর্থ দাবি করব বা তাঁকে ইউরোপে ফিরিয়ে নিয়ে যাব। এরপর আমাদের সঙ্গে মাজিদের বেশ কয়েকবার বার্তা আদান–প্রদান হয়। তিনি বলেন, আমাদের সঙ্গে দেখা করতে রাজি আছেন। তবে সাক্ষাতের স্থান ঠিক করবেন তিনি নিজে। আমরা তা মেনে নিইনি। কারণ, ভয় ছিল, মাজিদ ফাঁদ পাততে পারেন।

তারপরই আমাদের মুঠোফোনে একটি বার্তা এল। লেখা, ‘আপনারা কোথায়?’ আমরা বললাম, কাছের একটি শপিং মলের দিকে যাচ্ছি। মাজিদ আমাদের ওই মলের নিচতলায় একটি রেস্তোরাঁয় দেখা করার জন্য বললেন। ঠিক সেখানেই আমরা তাঁর প্রথম দেখা পেলাম। মাজিদ বেশ দৃষ্টিনন্দন পোশাক পরে ছিলেন। পরনে ছিল নতুন জিনসের প্যান্ট ও হালকা নীল রঙের শার্ট। এরই মধ্যে কাছের একটি টেবিলে গিয়ে বসলেন তিনজন। বোঝাই যাচ্ছিল, তাঁরা মাজিদের নিরাপত্তারক্ষী।

এবারও মাজিদ এখন মানব পাচারে জড়িত থাকার কথা অস্বীকার করলেন। অন্যান্য অপরাধী চক্রের সদস্যরা নাকি নিজেদের কর্মকাণ্ডের সঙ্গে তাঁকে জড়াচ্ছেন। তিনি বললেন, ‘তারা যখন গ্রেপ্তার হয়, তখন বলে, আমরা তার (মাজিদ) হয়ে কাজ করি। আসলে তারা কম সাজা পেতেই এটা করে।’

আমরা যখন অভিবাসীদের মৃত্যুর জন্য মাজিদকে দোষারোপ করলাম, তিনি সেই আগের কথাই বললেন, যাঁরা অভিবাসীদের নৌকায় বা লরিতে তুলে দেন, তাঁরাই পাচারকারী। তিনি নিজে কখনো কাউকে নৌকায় তুলে দেননি। তাই নৌকাডুবিতে কারও মৃত্যুর জন্যও তিনি দায়ী নন। তিনি শুধু অর্থ নিয়েছেন আর অভিবাসীদের কোথায় নিয়ে যাওয়া হবে, তা ঠিক করে দিয়েছেন।

মাজিদের পেছনে থাকা কাচে তাঁর হাতে থাকা মুঠোফোনের স্ক্রিনের সবকিছু ভেসে উঠছিল। মাজিদ টের না পেলেও রব তা দেখতে পেয়েছিলেন।

সেদিন আমাদের কথোপকথন সেখানেই শেষ হলো। এর পরদিন সুলাইমানিয়ার সেই মানি এক্সচেঞ্জে রবকে আমন্ত্রণ জানালেন মাজিদ। ইউরোপে যাওয়ার জন্য সেখানে গিয়ে অর্থ পরিশোধ করেন অভিবাসীরা। রব আমাকে বলেছিলেন, সেখানে নাকি তিনি এক ব্যক্তিকে এক বাক্স অর্থ নিয়ে আসতে দেখেছিলেন।

মাজিদ সেদিন রবকে বলেছিলেন ২০১৬ সালে তিনি কীভাবে এই ব্যবসায় জড়িয়েছিলেন। তখন হাজার হাজার মানুষ অভিবাসী হয়ে ইউরোপে যাচ্ছিল। মাজিদ বলেন, ‘কেউ তাদের ইউরোপে যাওয়ার জন্য জোরাজুরি করেনি। তারা নিজেরাই যেতে চায়। পাচারকারীদের কাছে তারা বলে, দয়া করে আমাদের জন্য এটা করে দিন। কখনো কখনো পাচারকারীদের এটাও বলতে শুনেছি, শুধু সৃষ্টিকর্তার জন্য আমি তাদের সাহায্য করব। এরপর তারা (অভিবাসী) নানা অভিযোগ করে। আসলে এগুলো সত্যি নয়।’

মাজিদ বললেন, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বেলজিয়াম ও ফ্রান্সে মানব পাচার কর্মকাণ্ডে শীর্ষ দুই ব্যক্তির একজন ছিলেন। সে সময় লাখ লাখ ডলার লেনদেন করেছেন। তাঁর ভাষায়, ‘আমি তাদের জন্য বহু কিছু করেছি।’

মাজিদ যদিও দাবি করেন, তিনি এখন আর মানব পাচারে জড়িত নন, তবে তাঁর কাজকর্মে উল্টোটাই মনে হয়েছে। যেমন রবের সঙ্গে কথা বলার সময় হাতে থাকা মুঠোফোনের দিকে তাকিয়ে ছিলেন তিনি। মাজিদের পেছনে থাকা কাচে ওই মুঠোফোনের স্ক্রিনের সবকিছু দেখা যাচ্ছিল। মাজিদ টের না পেলেও রব তা দেখতে পেয়েছিলেন।

মাজিদের মুঠোফোনের স্ক্রিনে রব দেখেছিলেন সারি সারি পাসপোর্ট নম্বর। পরে আমরা জানতে পারি, ওই নম্বরগুলো ইরাকের সরকারি কর্মকর্তাদের কাছে পাঠায় পাচারকারীরা। ওই কর্মকর্তাদের ঘুষ দিয়ে ভুয়া ভিসা নেওয়া হয়। তারপর ওই ভিসা দেখিয়ে তুরস্কে যান অভিবাসীরা।

সেটিই ছিল মাজিদ ওরফে স্করপিয়নের সঙ্গে আমাদের শেষ দেখা। এরপর তাঁর সঙ্গে এই সাক্ষাতের বিষয়ে আমাদের কথা হয়েছিল বেলজিয়ামের সরকারি কৌঁসুলি অ্যান লুকোউইয়াকের সঙ্গে। মাজিদকে দোষী সাব্যস্ত করার কাজে সংশ্লিষ্ট ছিলেন তিনি। অ্যান বলেন, ‘একদিন না একদিন আমরা তাঁকে পাকড়াও করবই।’ সূত্র: বিবিসি

Daily World News

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান নির্বাচিত হলেন…….

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাদশার গণসংযোগ

তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক।৷

বর্তমান রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা, তৃতীয় বার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৯ মে  মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ সন্ধ্যায় উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে গণসংযোগ করেন প্রবীণ নেতা কামাল উদ্দীন বাদশা।

যিনি সকলের প্রিয় মানুষ হিসেবে পরিচিত। সাদাসিদে জীবন যাপন করে দীর্ঘদিন পথ পাড়ি দিয়ে আসছেন।

সিলিন্ডারে কতটা গ্যাস আছে দেখে নিন ভিজা কাপড় দিয়ে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

এলপিজি সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে তা বোঝার সহজ ও কার্যকর উপায় জানালেন বিশেষজ্ঞরা। দরকার শুধু এক টুকরো ভেজা ন্যাকড়ার।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, তা বুঝতে একটি ভেজা ন্যাকড়ার পানি ভালো করে ঝরিয়ে নিয়ে সেই ন্যাকড়াটি পেঁচিয়ে দিতে হবে সিলিন্ডারের গায়ে। এরপর মিনিটখানেক অপেক্ষা করলেই দেখা যাবে ন্যাকড়ার কিছুটা অংশ ভেজা থাকলেও কিছুটা অংশ শুকিয়ে যাবে। যে অংশটুকু ভেজা থাকবে, বুঝে নিতে হবে সেইটুকুই গ্যাস অবশিষ্ট রয়েছে সিলিন্ডারে।

এর কারণ জানান বিশেষজ্ঞরা- রান্নার সিলিন্ডারে ভরা থাকে এলপিজি বা লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস। এ গ্যাসে ভরা অংশের উষ্ণতা খালি অংশের তুলনায় কিছুটা হলেও কম থাকে। ফলে এই অংশে জড়িয়ে রাখা ভেজা কাপড় তুলনামূলকভাবে দ্রুত শুষ্ক হয় ও বাকি অংশটি ভেজা থেকে যায়।

কথিত সন্ত্রাসীরা সাংবাদিককে মারপিট; প্রতিবাদে রূপসায় মানববন্ধন

এম মুরশীদ আলী :

রূপসার আইচগাতী ইউনিয়নের যুবলীগ নেতা অয়ন কে  ছুরিকাঘাত মামলাভুক্ত আসামীদের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি ইবি নিউজ ৬৪.কম খবর প্রকাশ হয়। এ অপরাধে সন্ত্রাসীরা গত ৪ মে বিকেলে ঐ পত্রিকার প্রকাশক মো. মাসুম সরদার কে বেদম মারপিট করে মারাত্মক জখম করে। এ জঘন্য ঘটনার প্রতিবাদে গত ৮ মে সকাল সাড়ে ১০ টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে রূপসার সকল সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু। তিনি বলেন- যুবলীগ নেতা অয়ন কে গত ২৮ ফেব্রুয়ারি ছুরিকাঘাত করা মামলার আসামিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মো. মাসুম সরদারকে ছুরি ঠেকিয়ে বেদম মারপিটের ঘটনা ঘটায় এবং পকেটে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানায়। সাংবাদিকরা সব সময় নিরেপক্ষ এবং দেশের জন্য কাজ করে থাকে। কথিত সন্ত্রাসীদের ভয়ে সাংবাদিকদের কলম থামবে না। গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রতিটি উপজেলা এবং জেলায় প্রতিবাদ ও মানববন্ধনে ডাক দেওয়া হবে।

প্রতিবাদ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এসএম মাহবুবুর রহমান। তিনি বলেন- ইবি নিউজ ৬৪.কম এর প্রকাশক, সাংবাদিক মো. মাসুম সরদার কে গত ৪ মে বিকেলে, পরিকল্পিতভাবে হামলা মারপিট করেছে। এমনকি তার মোবাইল ফোন এবং ভিডিও ক্যামেরাটি নদীতে ফেলে দেয়। এরপরে হামলাকারীরা ঐ মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়া তাদের ফেসবুকে ছড়িয়ে দেয়। এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানাই।

এ সময় সম্মানিত অতিথি ছিলেন- ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন ও সৈয়দ জালিস মাহমুদ।

মানববন্ধনে রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফ,ম, আইয়ুব আলীর পরিচালনায় বক্তৃতা করেন- ক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, রূপসা প্রেসক্লাবের সেক্রেটারি খাঁন আব্দুর জব্বার শিবলী, রূপসা প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক এসএম হারুনুর রশিদ, খান মিজানুর রহমান, বেনজির হোসেন, শেখ আশিকুর রহমান বাবু, নাহিদ জামান, আব্দুল মজিদ শেখ, ইউসা মোল্লা, শাহরিয়ার হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, নাজিম সরদার, চন্দন ভট্টাচার্জ, মিলন মোল্লা, রেজাউল ইসলাম তুরান, আব্দুল মান্নান শেখ, জাফরিন প্রমূখ। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা ও পথচারীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ “তম জন্ম বার্ষিকী পালন

তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক।।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্মবার্ষিকী উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান ৮মে সকাল ৯টায় রূপসার  পিঠাভোগ রবীন্দ্র সংগ্রহ শালায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো:হেলাল মাহমুদ শরীফ।
সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন
 বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মো:সাইদুর রহমান পিপিএম(বার),
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো:  ইউসুব আলী,অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সরদার মাহাবুবুর রহমান,ইউপি চেয়ারম্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।
মূখ‍্য আলোচক ছিলেন  খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ‍্যাপক
ড. তানভীর দুলাল।
অনুষ্ঠান স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
এর আগে অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

//জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি//

মোংলা- খুলনা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে মোংলা খুলনা মহাসড়কের রামপালের ফয়লাবাজার নির্মানাধীন খানজাহান আলী বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ হানিফা শেখ (২২) উজলকুড় গ্রামের মোঃ শরিফুল শেখের পুত্র ।

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাটাখালির দিক থেকে আসা মোংলাগামী বসুন্ধরা কোম্পানির গ্যাস সিলিন্ডার বাহী একটি ট্রাক পেছন দিক থেকে বাইসাইকেল আরোহী মোঃ হানিফা শেখ (২২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় ফয়লা পুলিশ ফাঁড়ি ও কাটাখালি হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কাটাখালি হাইওয়ে ফাড়িতে নিয়ে যায়। এর রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছিল।

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

//এম মুরশীদ আলী//

রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী মতবিনিময় করেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শারমিন সুলতানা রুনা। তিনি খুলনা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। গত ৩ মে সন্ধ্যায়, ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের লিফলেট বিতরণের মাধ্যমে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, সহ সভাপতি এম মুরশীদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফ,ম আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, কোষাধ্যক্ষ মো. নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক মো. মোশারেফ হোসেন, ক্লাবের অন্যতম সদস্য ইউসা মোল্লা, মিলন মোল্লা, মোড়ল জাফরিনা, আহম্মাদ হোসেন প্রমূখ।

খুলনার রূপসা উপজেলায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর কমিটি গঠন

তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক।৷

খুলনার রূপসায় পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে নতুন কমিটি গঠনে এক আলোচনা সভা ৩মে বিকালে পিঠাভোগ এলাকায় অনুষ্ঠিত হয়।

বাবু হরিচাঁদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন  বি ডি ই আর এম, খুলনা জেলা শাখা সভাপতি  সুব্রত কুমার মিস্ত্রি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ বিভাগীয় সমন্বয়কারী মানিক রঞ্জন দাস।

অনুষ্ঠান শেষে  ব্রজনাথ রায়কে সভাপতি ও মেঘলা দাস কে সাধারণ সম্পাদক করে রূপসা উপজেলায় ১৭ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করায় হয়।

সকলের প্রত্যাশা নবনির্বাচিত কমিটি, পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবেন।

তৃতীয় দফা বিয়ে করে সংসারী হবার ইচ্ছা অভিনেতা শাকিব খানের

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক //

ঢাকাই সিনেমার কিং খান শাকিবের বিয়ের গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়েছে। বুবলী আর অপু বিশ্বাসকে নিয়ে বিরক্ত শাকিব খানের পরিবার। শাকিবকে নিয়ে দুই নায়িকার বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে কথাবার্তা-গল্পগুজব আর নিতে পারছেন না অভিনেতা এবং তাঁর পরিবার। এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছে নায়কের ঘনিষ্ঠ সূত্র।

শুধু তা–ই নয়, শাকিবের জীবনে থিতু হতে জোরেশোরে চলছে পাত্রী দেখাও। শাকিবের ঘনিষ্ঠজনেরা  বলেছেন, ঢাকার পাশের জেলায় পাত্রী দেখছে শাকিবের পরিবার। এবার আর নিজের পছন্দে নয়, পরিবারের পছন্দেই বিয়ে করবেন অভিনেতা। অতীত ভুলে সংসারী হবেন শাকিব।

অর্থাৎ বুবলীর সঙ্গে যদি শাকিবের সত্যি বিয়ে হয়ে থাকে, তাহলে এবার তৃতীয় দফায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা। শোনা যাচ্ছে, চিকিৎসক পাত্রী পছন্দ করেছে তাঁর পরিবার।

শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তাঁর পরিবার।

মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ। এবার জানা গেছে, পাশের জেলা হলো মুন্সিগঞ্জ। একাধিক সূত্রে  জানাগেছে, এ পর্যন্ত দুই থেকে তিনজন পাত্রীকে দেখেছে শাকিবের পরিবার। এর মধ্যে মুন্সিগঞ্জের চিকিৎসক মেয়েই নাকি এগিয়ে আছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এই আয়োজনের পুরো দায়িত্ব নিচ্ছে শাকিবের পরিবার।

শুধু তা–ই নয়, শাকিবকে নিয়ে কেউ কোনো মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শাকিব খানের পরিবার। পাশাপাশি জানা গেছে, শাকিবের বাড়িতে অপু-বুবলীর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও জবাবে বুবলী বলেছেন, ছেলে বীরকে একা ছাড়বেন না তিনি। এই কথা প্রসঙ্গে অপুও বলেছেন, ‘তিনি গেলে আমিও যাব।’সূত্রঃ প্রথম আলো