ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে হোটেল ভাড়া দিতে হচ্ছে ২লাখ রূপি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ফাইনাল উপলক্ষ্যে আহমেদাবাদের হোটেল ও বিমান টিকিটের ভাড়া কয়েক গুণ বেড়েছে।

এক লক্ষ ত্রিশ হাজারের বেশি আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল দেখতে সমর্থকেরা হাজির হচ্ছেন আহমেদাবাদে। স্বাগতিক ভারত ও সফলতম দল অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দেখার জন্য সমর্থকদের এই ঢেউর সুবিধা নিয়ে হোটেল রুমের ভাড়া আকাশচুম্বী করা হয়েছে। পাঁচ তারকা হোটেলগুলোতে যা এখন কিছু কিছু ক্ষেত্রে ২ লাখ রুপি (বাংলাদেশি মূল্যমানে ২ লাখ ৬৬ হাজার টাকা)!

এ ব্যাপারে হিন্দুস্থান টাইমসকে হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র সোমানি বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা শুধু ভারত নয়, বাইরের মানুষদেরও। দুবাই, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকেও খেলা দেখতে আসতে চান মানুষ। আহমেদাবাদে তিন ও পাঁচ তারকা হোটেল পাঁচ হাজার রুম আছে। পুরো গুজরাটে সংখ্যাটা ১০ হাজার। আর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আসন সংখ্যা ১ লাখ ২০ হাজার। আমাদের ধারণা বাইরে থেকে ৩০ থেকে ৪০ হাজার মানুষ এই ম্যাচ দেখতে আসবে।’

সোমানি বলেছেন শুধু আহমেদাবাদে নয়, পাশের শহরগুলোতেও হোটেল ভাড়া বেড়েছে, ‘হোটেল বুকিং দেওয়ার আগে সাধারণত ফ্লাইট বুক দেয় মানুষ। ম্যাচের দিন যত এগিয়ে আসবে হোটেল রুমের ভাড়া শুধু আহমেদাবাদে নয়, আশপাশের শহরগুলোতেও আরও বাড়বে।’

নভোটেলের আহমেদাবাদের হোটেলে ১৭ তারিখের রুমভাড়া ৬ হাজার ৩০০ রুপির নিচে। কিন্তু ১৯ নভেম্বরের রুম ভাড়া করতে চাইলেই সেটা বেড়ে ৭১ হাজার রুপির বেশি হয়ে যাচ্ছে। এই অবস্থা আহমেদাবাদের সব হোটেলেরই।

শুধু তিন বা পাঁচ তারকা হোটেল নয়, ছোটছোট হোটেলগুলোও ভাড়া বাড়িয়ে দিয়েছে। সিজি রোডে অবস্থিত হোটেল ক্রাউন সাধারণত দিন প্রতি ৩ থেকে ৪ হাজার রুপি নিত। সেটা ২০ হাজার রুপির বেশি এখন। এই সুযোগে বিমানভাড়াও বেড়েছে। চেন্নাই থেকে আহমেদাবাদে ৫ হাজার রুপিতেই যাওয়া যেত, বর্তমানে তা ১৬ থেকে ২৫ হাজার।

আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হলো দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার কিছু সময় পর দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম কেনেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা।

এরপর থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া। অনলাইনে ও সরাসরি গিয়ে মনোনয়ন ফরম কেনা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

এর আগে, আজ শনিবার সকাল ১০টার কিছু সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে সাংবাদিকদের তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর ব্যবস্থা তিনি দেখতে এসেছেন।

শেখ হাসিনা বলেন, যাদের ওপর জনগণের আস্থা নেই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারাই জনগণের সম্পদে আগুন সন্ত্রাস করবে তাঁদের প্রতিহত করুন।

জনগণের ভোটের অধিকার অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ বলে জানান শেখ হাসিনা বলেন, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে আগ্রহী প্রার্থীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। সেজন্য লাগবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দিনই আজ শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রির খবর জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

পাসওয়ার্ড কিভাবে দিলে আপনি নিরাপদ জেনে নিন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ড কী জানেন? না জানলে আসুন জেনে নিই। পানামাভিত্তিক সফটওয়্যার কোম্পানি নর্ডপাস বলছে, বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ড হল ১২৩৪৫৬। আর এটি যদি আপনি আপনার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন তাহলে হ্যাকারদের তা ক্র্যাক করতে লাগবে এক সেকেন্ডেরও কম সময়।

বিশ্বের ৩৫টির বেশি দেশ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে নিয়ে পাসওয়ার্ড বিষয়ক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।  নর্ডপাস একটি সফ্টওয়্যার কোম্পানি যা ব্যবহারকারীদের তাদের পাসওয়ার্ডগুলো সংগঠিত করতে সাহায্য করে৷

নর্ডপাস কোম্পানির গবেষণায় বলা হয়, ১২৩৪৫৬ পাসওয়ার্ডটি ৪৫ লাখ অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে। এরপরই ব্যবহার করা হয়েছে এডমিন নামের পাসওয়ার্ডটি। এটি পাওয়া গেছে প্রায় ৪০ লাখ অ্যাকাউন্টে। তৃতীয় বহুল প্রচলিত পাসওয়ার্ড হলো ১২৩৪৫৬৭৮। এটি পাওয়া গেছে ১৩ লাখ ৭০ হাজার অ্যাকাউন্টে।

পানামাভিত্তিক কোম্পানিটি জানায়, গবেষণায় তারা কোনো ব্যক্তিগত তথ্য ব্যবহার করেনি। এ প্রক্রিয়ায় বিভিন্ন গবেষকদের কাছ থেকে শুধু পরিসংখ্যানগত তথ্য ব্যবহার করা হয়েছে। গবেষণা দলটি ছয় দশমিক টেরাবাইট-ডাটাবেস থেকে পাসওয়ার্ড বিশ্লেষণ করেছে। এসব তথ্য  রেডলাইন, ভিদার, টরাস, র‍্যাকুন, অ্যাজোরাল্ট এবং ক্রিপ্টবটের মতো ম্যালওয়্যারের মাধ্যমে চুরি করা হয়েছিল।

নর্ডপাস বলছে, ব্যবহারকারীদের উচিত ২০ ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করা। আর সেখানে বিভিন্ন রকম প্রতীক, সংখ্যা, ছোট ও বড় হাতের অক্ষর থাকতে হবে।

এদিকে একই পাসওয়ার্ড বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার না করতেও ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে নর্ডপাস।

ঘূর্ণিঝড় মিধিলি: সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ সারাদেশে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবের কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা এ ঘোষণা দেন।

তিনি বলেন, সমুদ্রবন্দরগুলোতে ৭ ও ৬ নম্বর বিপদসংকেত জারির পর আমরা সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাসমূহ ছাড়াও সারাদেশে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগামী শনিবার থেকে বিক্রি শুরু থাকবে যেসব শর্ত

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আগামী শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। চলবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগের সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

এতে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, শুক্রবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

তিনি জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী। পরদিন শনিবার থেকে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

 

বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল – আপনারটা যেভাবে সচল রাখবেন….

//দৈনিক বিশ্ব ডেস্ক//

লাখ লাখ অব্যবহৃত জিমেইল আগামী মাস থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল। দুই বছর ধরে অচল অ্যাকাউন্টগুলো এর আওতায় পড়বে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এক ব্লগপোস্টে গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রচেলি বলেন, অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ। অনেক দিন ধরে অব্যবহৃত অ্যাকাউন্টে নিরাপত্তা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভুলে যাওয়া বা অব্যবহৃত অ্যাকাউন্টে প্রায়ই পুরনো বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ড যুক্ত থাকে।

এসব অ্যাকাউন্টে টু–ফ্যাক্টর অথেনটিকেশন সেটআপ থাকে না এবং গ্রাহকরা অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করে না। অর্থাৎ এসব অ্যাকাউন্টের নিরাপত্তা প্রায়ই দুর্বল হয়। আর স্ক্যামসহ পরিচয় চুরির মতো বিভিন্ন ক্ষতিকর কাজে এসব ব্যবহৃত হতে পারে।

যেসব অ্যাকাউন্ট দুই বছরে ধরে অব্যবহৃত রয়েছে ডিসেম্বর থেকে সেগুলো ডিলিট করা হবে। সেই সঙ্গে গুগল ওয়ার্কস্পেস যেমন জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার ও গুগল ফটোজের কনটেন্টও ডিলিট করে দেওয়া হবে।

শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য নীতিটি কার্যকর হবে। স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য তা হবে না।

অ্যাকাউন্ট ডিলিটের প্রক্রিয়া পর্যায়ক্রমে শেষ হবে। প্রথমে যেসব অ্যাকাউন্ট তৈরির পর আর ব্যবহার করা হয়নি, সেগুলো ডিলিট করা হবে। এসব অ্যাকাউন্ট ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেসে অনেক নোটিফিকেশন পাঠানো হবে।

অ্যাকাউন্ট চালু রাখতে যা করতে হবে:-

অ্যাকাউন্ট চালু রাখার সবচেয়ে সহজ উপায় হলো— প্রতি দুই বছরে অন্তত একবার সাইন-ইন করা। গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করা থাকলে সেগুলোকে সক্রিয় ভাবা হয়। এ ছাড়া সাইন-ইনের পর অ্যাকাউন্ট ডিলিট হওয়া বন্ধ করতে যেসব পদক্ষেপ নেওয়া যায়–

১. কোনো ইমেইল পড়া বা সেন্ড করা।

২. গুগল ড্রাইভ ব্যবহার করা।

৩. ওই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ভিডিও দেখা।

৪. গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা।

৫. গুগল সার্চ ব্যবহার করা।

৬. গুগলের সাইন-ইন ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সেবায় সাইন ইন করা।

এ ছাড়া যেসব অ্যাকাউন্টে গুগলের সাবস্ক্রিপশন কেনা রয়েছে, সেগুলো সক্রিয় হিসেবে বিবেচনা করবে এই প্ল্যাটফরম।

কচুয়া ৮দলিয় ফুটবল র্টুামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

কচুয়া মরহুম এস এম মাহফুজুর রহমান ফুটবল র্টুামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গোয়ালমাঠ ফুটবল মাঠে প্রায়াত উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের স্বরনে ৮ দলিয় ফুটবল র্টুামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে পিরোজপুর জেলা ফুটবল দল বনাম গোপালগঞ্জ জেলা ফুটবল দল।

এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম। রাড়িপাড়া ইউনিয়নের যুবলীগে সভাপতি মেহেদি হাসার বাবুর সার্বিক পরিচলনায় উপস্থীত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহাসীন হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজিবুল হক নজু,জেলা যুবলীগের সাধারন সম্পাদক  মীর জয়েসী আশরাফী জেমস, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম প্রমূখ।

 

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৬হাজার পিস ইয়াবা বড়িসহ আটক-২

//সৈয়দ আলম: টেকনাফ কক্সবাজার//

কক্সবাজার টেকনাফ পৌরসভা নাইটংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৬,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভা,০১নং ওয়ার্ড, নাইটংপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।

১৩ নভেম্বর র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি-১ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আব্দুল আজিজ এবং নুর আনকিস নামে দুইজন কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর বসতঘর তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ১৬,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় আসামী,আব্দুল আজিজ ওনুর আনকিস।উভয় পিতা-নুরুল হক, সাং-মোছনি, রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-সি, সাং-নাইটংপাড়া, ০১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

মাদক ব্যবসায়ীরা জানায়, আব্দুল আজিজ এবং নুর আনকিস সম্পর্কে সহোদর ভাই-বোন।ধৃত মাদক ব্যবসায়ীরা পরস্পরের যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্র শর্তছাড়া সংলাপে বসার আহবান জানিয়ে বড় তিন রাজনৈতিক দলকে চিঠি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।  সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দল তিনটি হলো— আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

বিবৃতিতে বলা হয়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে (রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে দূতাবাস।

বিবৃতিতে সংলাপ প্রসঙ্গে বলা হ‌য়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়।

এদিকে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এরই অংশ হিসেবে সোমবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ওই চিঠি হস্তান্তর করেন তিনি। তবে চিঠি পাওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আওয়ামী লীগ ও বিএনপি।

কচুয়ায় ভুয়া ডাক্তারের কারাদন্ড

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট //

কচুয়ায় ভুয়া ডাক্তারের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম রাখী ব্যানার্জীর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে অভিযান চালিয়ে মো.লোকমান হোসেন (৩৯) নামের একজনকে আটক করা হয়। এসময়ে তার কাছে চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় তিন মাসের কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত মো.লোকমান হোসেন (৩৯) মোরেলগঞ্জ উপজেলার কিসমত গড়ঘাটা গ্রামের মো.শামসুল হক ফকিরের ছেলে।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম রাখী ব্যানার্জী বলেন, চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ এবং ২৯ ধারা মতে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। অপরাধ নির্মূলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।#