যশোরেশ্বরী কালীমন্দিরে প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক।।

রাজা লক্ষণ সেনের আমলে প্রতিষ্ঠিত সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে হেলিকপ্টারযোগে সাতক্ষীরার শ্যামনগরে যান নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় পৌঁছার আগেই সেখানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানাবেন।

 

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে নরেন্দ্র মোদি একটি গাছের চারা রোপণ করবেন বলে জানা গেছে।
এরপর সেখান থেকে তিনি যাবেন কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন মোদি।

যুক্তরাষ্ট্রে মিয়ানমার সেনাবাহিনীর ২ প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক।।

অভ্যুত্থানবিরোধী আন্দোলনে সশস্ত্র সামরিক বাহিনীর বর্বরোচিত দমন-পীড়নের ঘটনায় চাপ বাড়াতে মিয়ানমার জান্তার সরকারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।

ইকোনমিক করপোরেশন ও মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের ওপর ব্যবসায়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।

এ নিষেধাজ্ঞার ফলে মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান দু’টির যুক্তরাষ্ট্রে থাকা যেকোনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেন রাখতে পারবে না। খবর বিবিসির।

 

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে নেতৃত্বদানকারী, সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক বাহিনীর বর্বরোচিত দমন-পীড়নে সমর্থনকারীদের অর্থপ্রবাহ বাধাগ্রস্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যও। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিকি রাব বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞায় মিয়ানমার সামরিক বাহিনীর গণনিপীড়নে ব্যবহৃত অর্থের উৎসে টান পড়বে।

এর আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে জড়িত বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। অবশ্য তারও আগে থেকেই মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লেইং মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। সোমবার মিয়ানমার সেনাসংশ্লিষ্ট ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।

এদিকে মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবারও দেশটির শহরে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবারই এ তালিকায় যোগ হয়েছেন অন্তত আরও নয়জন।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক।।

গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান।

শনিবার সকালে যশোরেশ্বরী কালিমন্দিরে আনুষ্ঠানিকতা শেষে গোপালগঞ্জের উদ্দেশে তিনি রওয়ানা দেন।

 

এরপর গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দির ঠাকুরবাড়ির মতুয়া মন্দির পরিদর্শন ও প্রার্থনা করবেন ভারতের প্রধানমন্ত্রী।

মিশরের সোহাগ শহরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩২, আহত অর্ধ-শতাধিক

অনলাইন ডেস্ক।।

মিশরের সোহাগ শহরের উত্তরে দুটি ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহত ও অন্তত ৬০ জনের বেশি আহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

মুম্বাইয়ে কোভিড হাসপাতালে আগুন: মৃত ২: সরানো হল ৭০ রোগীকে

অনলাইন ডেস্ক।।

মুম্বইয়ে এক কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল অন্তত দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। বৃহস্পতিবার গভীর রাতে লাগা আগুন শুক্রবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

করোনাভাইরাস সংক্রমণে জেরবার পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বই জুড়ে। সে শহরের বিভিন্ন হাসপাতাল ভর্তি কোভিড রোগীতে। মুম্বইয়ের ভান্ডুপে ড্রিমস মলের মধ্যে থাকা এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এমনই ৭০-এর বেশি কোভিড রোগী। সেখানেই বৃহস্পতিবার সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। যার জেরে এখনও অবধি অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের সেখান থেকে বের করে অন্য হাসাপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও দমকলের এক অফিসার জানিয়েছেন, ৬ জন ব্যক্তি এখনও আটকে রয়েছেন হাসপাতালের ভিতর। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

মুম্বইয়ের ওই কোভিড হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকলের ২২টি ইঞ্জিন। তার পর থেকেই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। এ নিয়ে পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেছেন, ‘‘আগুনের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মলের দোতলায় প্রথম আগুন লাগে। তার পর তা ছড়িয়ে পড়ে।’

আগুন নেভানোর পাশাপাশি কোভিড রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানকার এক চিকিৎসক বলেছেন, “৭৩ জন কোভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, ৩ জনকে ফর্টিস হাসাপাতালে এবং বাকিদের অন্য একটি কোভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।” যদিও কী থেকে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও অজানা।

ঘটনার খবর পেয়েই সেখানে গিয়েছিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। মলের ভিতর হাসপাতালের বিষয়টি রীতিমতো বিস্মিত করেছে তাঁকে। তিনি বলেছেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে মলের ভিতর হাসপাতাল এই প্রথম দেখলাম। খুব গুরুতর পরিস্থিতি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’ আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল মহারাষ্ট্র। বৃহস্পতিবার সে রাজ্যে যত সংখ্যক নতুন করে আক্রান্ত হয়েছেন, তা গোটা অতিমারি পর্বে কোনও রাজ্যে সর্বোচ্চ। মুম্বই শহরেও বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।। সকাল হলেই আসছেন মোদি- পাবেন লালগালিচা সংবর্ধনা।।

অনলাইন ডেস্ক।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকা আসছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদির এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

জানা গেছে, ২৬ মার্চ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর, তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। এরপর, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।

বিকেলে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হোটেল শেরাটনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। পরে, ভারতের প্রধানমন্ত্রী ২৬ মার্চ বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার দশম দিনের অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যোগ দেবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যৌথভাবে উদ্বোধন করবেন ‘বঙ্গবন্ধু-বাপু যাদুঘর’। সেখানে মোদি তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন।

সফরের দ্বিতীয় দিন, ২৭ মার্চ সকালে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরিপুরে অবস্থিত যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ওরাকান্দি মন্দির পরিদর্শন করবেন।

বিকেলে, মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি ভার্চুয়ালি যৌথভাবে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। পরে, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ থেকে ‘শিশুবক্তা’ রফিকুল আটক

অনলাইন ডেস্ক।।

আজ ২৫ মার্চ ২০২১ রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেন।

এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ হয়ে যায়। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, আজকের বিক্ষোভ থেকে আটক হওয়া রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশুবক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি। নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন বলেও জানা যায়।

উইঘুর নারীদের জনসংখ্যা কমাতে যা করতে বাধ্য করছে চীন

অনলাইন ডেস্ক।।

জনসংখ্যা কমাতে উইঘুর নারীদের যা করতে বাধ্য করছে চীন দীর্ঘদিন থেকে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের আকট করে নির্যাচন করে আসছে চীন। এবার দেশটির পক্ষ থেকে জনসংখ্যা কমাতে জিনজিয়াংয়ে উইঘুর মুসলমান নারীদের জন্মনিয়ন্ত্রণ ডিভাইস ব্যবহারে বাধ্য করছে চীন। খবর-বিবিসি। চীনা গবেষক আদ্রিয়ান জেনজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক সমপ্রদায় জাতিসংঘকে এ অভিযোগ তদন্তের আহবান জানিয়েছে।

 

তবে চীনের পক্ষ থেকে এটিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি কর হয়েছে। চীনে উইঘুরদের বন্দি শিবিরে আটকের বিষয় নিয়ে ইতিমধ্যেই বিশ্বে সমালোচিত হয়েছে চীন। ধারণা করা হয়, পুনঃশিক্ষার অজুহাতে ১০ লাখ উইঘুর মুসলিমকে বন্দি শিবিরে আটক করে রেখেছে চীন। চীনের দাবি, তাদেরকে কারিগরি শিক্ষা দিতে এই ‘পুনঃশিক্ষা’ শিবিরে রাখা হয়েছে। গত বছর বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, মুসলিম স¤প্রদায়ের মধ্যে যাতে বেড়ে উঠতে না পারে সেজন্য উইঘুর মুসলমান সন্তানদের তাদের অভিভাবকদের কাছ থেকে কৌশলে বিচ্ছিন্ন করে ফেলছে চীন।

সরকারি আঞ্চলিক পরিসংখ্যান, নীতি নির্ধারণী নথিপত্র এবং শিনজিয়াংয়ের নারীদের সাক্ষাৎকারের ভিত্তিতে জেনজের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, গর্ভপাত না ঘটালে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু নারীদের বন্দিশিবিরে নিয়ে যাওয়ার হুমকি দেয় চীনা কর্মকর্তারা। যেসব নারীর সন্তান সংখ্যা দুইয়ের কম তাদের জরায়ুতে জোর করে জন্মনিয়ন্ত্রণ ডিভাইস প্রতিস্থাপনের আইনি বৈধতা দেওয়া হয়েছে।

অন্যদের অপারেশনের মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ্যা করা হয়। এছাড়া যেসব নারীর সন্তান সংখ্যা দুইয়ের বেশি তাদের বড় অংকের জরিমানা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের শেষ দিক থেকে ব্যাপক নিপীড়ন শুরু হওয়ার পর শিনজিয়াং একটি নিষ্ঠুর পুলিশি রাজ্যে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যক্তিস্বাধীনতায় জরদস্তিম‚লক রাষ্ট্রীয় হস্তক্ষেপের সর্বব্যাপী চেহারা উঠে এসেছে।’ জেনজের বিশ্লেষণে বলা হয়েছে, সা¤প্রতিক বছরগুলোতে শিনজিয়াংয়ে জনসংখ্যা বৃদ্ধির হার নাটকীয়ভাবে কমে এসেছে।

২০১৫ ও ২০১৮ সালের মধ্যে উইঘুরদের দুটি অঞ্চলে জন্মহার ৮৪ শতাংশ কমেছে। ২০১৯ সালে এই হার আরও কমেছে। চীনের জিনজিয়ান প্রদেশে সংখ্যালঘু উইঘুরদের নির্যাতনের জন্য বরাবরই অভিযুক্ত চীনা কমিউনিস্ট সরকার। এখন চীনা প্রশাসনের বিরুদ্ধে দেশটির উত্তর-প‚র্বাঞ্চলীয় রাজ্য জিনজিয়ানে মসজিদের জায়গায় গণশৌচাগার তৈরির অভিযোগ উঠেছে। নির্যাতনের পুরনো অভিযোগ আর মসজিদের জায়গায় গণশৌচাগার নির্মাণকে দেশটির চীনা সরকারের উইঘুর জাতিগোষ্ঠী নিশ্চিহ্নের পরিকল্পনার আরেকটি প্রমাণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

২০১৬ সালে মসজিদ সংস্কারের নামে মুসলমানদের গণজমায়েতে নামাজ পড়ার স্থানগুলো গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা হাতে নেয় বেইজিং। ‘তোকুল’ মসজিদের জায়গায় শৌচাগার নির্মাণের কয়েকদিন আগে ওই শহরে থাকা তিনটি মসজিদের মধ্যে দুটি মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার জন্য এসব করা হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে রেডিও ফ্রি এশিয়া। রেডিও ফ্রি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে আতুশ শহরের সুনতাঘ গ্রামের নেইবারহুড কমিটির প্রধান বলেন, ২০১৮ সালে তোকুল মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়।

পরে এখানে ওয়াশরুম, গেস্টরুম এবং শৌচাগার তৈরি করে উইঘুরবিরোধী হান গোষ্ঠীর নেতারা। চীনা সরকারের ভয়ে নাম প্রকাশ করতে রাজি হননি রেডিও ফ্রি এশিয়াকে সাক্ষৎকার দেয়া উইঘুর স¤প্রদায়ের ওই ব্যক্তি। তিনি বলেন, এখন এটি একটি গণশৌচাগার। তবে উদ্বোধন করা হয়নি। নির্মাণকাজ শেষ হয়েছে। তিনি বলেন, এ এলাকায় গণশৌচাগার তৈরির কোনো প্রয়োজন ছিল না। স্থানীয় প্রতিটি বাড়িতে টয়লেট আছে।

সুনতাঘেও খুব একটা পর্যটক আসে না; যাদের জন্য গণশৌচাগার বানাতে হবে। তোকুল মসজিদের স্মৃতি মুছে ফেলার জন্য শৌচাগার বানানো হয়েছে। যাতে এখানে হাতেগোনা যে কয়জন পর্যটন আসেন, তারা যেন মসজিদের বিষয়টি জানতে না পারেন। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবদেনে স্থানীয়দের বরাতে বলা হয়, ২০১৯ সালে সুনতাঘের আরেকটি মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়। সেখানে একটি পানশালা তৈরি করা হয়েছে।

যেখানে বর্তমানে মদ, সিগারেট বিক্রি করা হচ্ছে। যেগুলো পান এবং গ্রহণ ইসলাম ধর্মে নিষিদ্ধ। ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয়, জিনজিয়ানের উইঘুরের হোতানের লোপ কাউন্টির একটি মসজিদ গুঁড়িয়ে দেয় কর্তৃপক্ষ। পরে সেখানে ব্যায়ামাগার এবং বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে। হোতান শহরের ইলছি এলাকার বাসিন্দারা রেডিও ফ্রি এশিয়াকে জানান, তাদের এলাকার একটি মসজিদকে ফ্যাক্টরি বানানো হয়েছে।

এখন সেখানে স্থানীয় সিচুয়ানভিত্তিক কোম্পানি আন্ডারওয়ার তৈরি করছে। জিনজিয়ানে মুসলমানদের মসজিদ ছাড়াও কবরস্থানকে চীনা কর্তৃপক্ষ পদ্ধতিগতভাবে গুঁড়িয়ে দিচ্ছে। ২০১৬ সাল থেকে ন্যক্কারজনক এ প্রক্রিয়া জোরদার করে চীন সরকার।

ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া যা জাতিসংঘের প্রস্তাব বিরোধী

অনলাইন ডেস্ক।।

সমুদ্রে দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই খবর দিয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। কিন্তু জাপানের প্রধানমন্ত্রী সুগা বলেছেন, সি অফ জাপান যা ইস্ট কোরিয়া সি বলেও পরিচিত, সেখানে দুইটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের প্রস্তাব অনুসারে যা তারা করতে পারে না।

সুগা বলেছেন, এক বছর পর এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এর ফলে জাপান এবং ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে তার সফরের সময় তিনি বাইডেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরই দক্ষিণ কোরিয়া ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডেকেছে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারে আলোচনা হবে।

সপ্তাহখানেক আগেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। তবে তা ব্যালেস্টিক মিসাইল নয়, ছোট পাল্লার নন-ব্যালেস্টিক মিসাইল। তখন অবশ্য অ্যামেরিকা কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ, নন-ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার উপর জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা নেই। বাইডেনও তখন বলেছিলেন, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এবারের পরীক্ষা নিয়ে এই কথা বলা যাচ্ছে না।

তবে নন-ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষার সময়টা ছিল উল্লেখযোগ্য। তখন অ্যামেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ-মহড়া চলছিল। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন সিওলে ছিলেন। ব্লিংকেন বারবার চীনকে অনুরোধ করছিলেন, উত্তর কোরিয়া যাতে পরমাণু অস্ত্র না বানায় তারা যেন সেটা নিশ্চিত করে।

অ্যামেরিকা এখন উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা শুরু করতে চায়। পিয়ংইয়ং বলছে, অ্যামেরিকা যদি তাদের প্রতি শত্রুতার মনোভাব না ছাড়ে, তাহলে তারা এ নিয়ে আলোচনা করতে চায় না। হোয়াইট হাউস জানিয়েছে, বিষয়টি নিয়ে আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করা হবে।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)

BJP Candidates: বিজেপি-র প্রার্থী নন মিঠুন, চূড়ান্ত তালিকায় নাম নেই মহাগুরুর, গাইঘাটায় শান্তনুর ভাই

আনাতরাজাতিক অনলাইন ডেস্ক।।

বিজেপি-র চূড়ান্ত প্রার্থিতালিকায় স্থান পেলেন না মিঠুন চক্রবর্তী। দিন দুই আগে খবর আসে, কলকাতায় মণীন্দ্র রোডের ঠিকানাতে ভোটার হয়েছেন মহাগুরু। তারপর থেকে জল্পনা শুরু হয়, বিজেপি-র প্রার্থী তালিকায় তাঁর নাম থাকতে পারে। মনে করা হয়েছিল, কাশীপুর-বেলগাছিয়া ও চৌরঙ্গী কেন্দ্রের পূর্বঘোষিত বিজেপি প্রার্থীরা বেঁকে বসায় এই দু’টি কেন্দ্রের একটিতে ভোটে লড়তে দেখা যেতে পারে মিঠুনকে। কিন্তু সেই জল্পনা সত্যি হল না।

মঙ্গলবার ১৩ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সেই তালিকায় রয়েছে চৌরঙ্গী, কাশীপুর-বেলগাছিয়াও। সেখানে প্রার্থী করা হয়েছে, যথাক্রমে দেবব্রত মাঝি ও শিবাজী সিংহ রায়কে। মিঠুন না থাকলেও, মঙ্গলবারের ঘোষণায় উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে। বনগাঁ উত্তর, গাইঘাটা ও বাগদা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মতুয়া প্রভাবিত কেন্দ্রগুলিতে প্রার্থিপদে মতুয়াদের প্রতিনিধিত্ব থাকে কি না, তা নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনাকে সত্যি করেই গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হল সুব্রত ঠাকুরকে। যিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভাই। লোকসভা উপ-নির্বাচনে বিজেপি-র প্রার্থী হয়ে তিনি এর আগে পরাজিত হয়েছিলেন তৃণমূলের মমতাবালা ঠাকুরের কাছে। সেই সুব্রতকেই প্রার্থী করল বিজেপি।

আলিপুরদুয়ার কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীকে কেন্দ্র বদলে নিয়ে আসা হয়েছে বালুরঘাটে। অটলবিহারী বাজপেয়ী ও মনমোহন সিংহ সরকারের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করা অশোক রাজ্যের ভোটার না হওয়ায় আলিপুরদুয়ারে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সেই কারণেই তাঁকে কেন্দ্র বদল করে ভোটে দাঁড় করানো হল।

উল্লেখ্য পাহাড়ও। পাহাড়ের তিন আসনেই একক ভাবে প্রার্থী দিল বিজেপি। ওই তিনটি আসনে তৃণমূল কোনও প্রার্থী দেয়নি। পাহাড়ের ‘বন্ধু’-দের জন্য তিন আসন ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরাসরি লড়াইয়ে নামল গেরুয়া শিবির। বিতর্কিত ইটাহার কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হল। সেখানে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন অমিতকুমার কুণ্ডু। প্রার্থিতালিকা ঘোষণার পর এই ইটাহারের বিক্ষোভ দেখিয়ে ছিলেন বিজেপি সমর্থকরা।

কালিংপং – সুব্রত প্রধান

দার্জিলিং-নিরজতামাং জিম্বা

কার্শিয়াং-বিষ্ণুপ্রসাদ শর্মা

করণদিঘি – সুভাষ সিংহ

ইটাহার – অমিতকুমার কুণ্ডু

বাগদা – বিশ্বজিৎ দাস

বনগাঁ উত্তর- অশোক কীর্তনিয়া

গাইঘাটা – সুব্রত ঠাকুর

বালুরঘাট – অশোক লাহিড়ী

রাসবিহারী- সুব্রত সাহা

বহরমপুর – সুব্রত মৈত্র

চৌরঙ্গি – দেবব্রত মাঝি

কাশীপুর-বেলগাছিয়া – শিবাজী সিংহ রায়