বিষ দিয়ে আমতলীতে মেরে ফেলা হয়েছে লাখ টাকার মাছ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে পুর্ব শত্রুতার জেরে এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে মাছ লাখ টাকার নিধন করেছে প্রতিপক্ষরা।

জানা গেছে,উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামের এক মৎস্য চাষির পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা।

শনিবার (৬ আগষ্ট) সকালে প্রতিদিনের মতো পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন চাষি মোশারেফ হাওলাদার।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি মোশারেফ হাওলাদার ও শামীম মৃধা জানান,বাড়ির পাশের পুকুরে তারা মাছ চাষ করে আসছেন।পুকুরে বিভিন্ন জাতের পনের থেকে বিষ মণ মাছের পোনা ছেড়েছেন। আগামী কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রির উপযোগী হওয়ার কথা। এরই মধ্যে শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে দেখেন পুকুরে পোনা মাছগুলো মরে ভেসে উঠছে।দুপুরের পুকুরের বাকি মাছ গুলোও মরে ভেসে উঠে। এতে তার প্রায় অনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। মোশারেফ হাওলাদার অভিযোগ করেন, কয়েকদিন ধরে প্রতিবেশী মৃত্যু কাঞ্চন খানের পুত্র শাহিন মাস্টার গংদের সাথে তার বিরোধ চলছিল। আমার সন্দেহ শাহিন মাস্টার ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। মোশারেফ হাওলাদার আরও বলেন, শাহীন মাস্টার গংরা এর আগেও আমাদের দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে।

এবিষয়ে আমি আমতলীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শাহীন মাষ্টার,হানিফ খান ও মোঃ নুরুল ইসলামসহ আরও ৮/১০ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলা করেছি,বর্তমানে মামলাটি আমতলী থানা পুলিশের তদন্তাধীন আছে।এ ব্যাপারে অভিযুক্ত শাহীন মাস্টার বলেন, আমরা এই কাজ করি নাই। আমাদের হয়রানী করার জন্য দায়ী করা হচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম মিজানুর রহমান বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডিজেল-কেরোসিনের নতুন দাম ১১৪ টাকা, পেট্রোল ১৩০, অকটেন ১৩৫

//আজিজুল ইসলাম//

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।

ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায় নিম্নোক্তভাবে পুণর্নির্ধারণ করা হলো।

শুক্রবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়।  যতদিন সম্ভব ছিল, ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে। ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের  মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনরায় বিবেচনা করা হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে। ভারত ২০২২ সালের ২২ মে থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করেছে, যা অদ্যাবধি বিদ্যমান রয়েছে। এ মূল্য বাংলাদেশি টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা। ( ১ রুপি = গড় ১.২৩ টাকা)। অর্থাৎ বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.০৯ এবং পেট্রোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রি হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা থেকেও জ্বালানি তেলের দাম বাড়ানো সময়ের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে (২২ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত) জ্বালানি তেল বিক্রিতে (সব পণ্য) ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।  বর্তমানে আন্তর্জাতিক  তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখাতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছে।

শহীদ শেখ কামালের জন্মদিনে ছাত্রলীগের দুই গ্রুপ কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বীর মুক্তিযোদ্ধাশহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে বরগুনা সরকারি কলেজ মসজিদে একই সময়ে ছাত্রলীগের দুই গ্রুপ দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় কলেজসহ আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বরগুনা সরকারি কলেজে ৫ আগস্ট ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সভাপতি পদ বঞ্চিত দুই গ্রুপ একই স্থানে একই সময়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান,বিশৃঙ্খলা, মারামারিসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বিধায় বরগুনা সরকারি কলেজসহ আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং একই সঙ্গে উক্ত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়াও আদেশে আরও বলা হয়,জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এবং তানভীর আহমদকে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীকে আইনানুগ দিক নির্দেশনা প্রদানের জন্য ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, আমরা আগে থেকেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৫ ও ৮ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠানের আয়োজন করি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনে আমরা কর্মসূচি অন্যত্রে করব। তবে আমাদের হটিয়ে অন্য কেউ যদি কর্মসূচি করার চেষ্টা করে তবে আমরা তা মেনে নেব না।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জানান, শোকাবহ আগস্টে মাসব্যাপী আমাদের কর্মসূচি রয়েছে। ৫ ও ৮ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বরগুনা সরকারি কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখানে অন্য কোনও গ্রুপ কোনও প্রোগ্রামের আয়োজন করেছে কিনা আমার জানা নেই।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন,ছাত্রলীগের দুই গ্রুপের প্রোগ্রামে সহিংসতা ঘটতে পারে।এই পরিস্থিতি বিবেচনা করে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশালে ফেসবুকে পোস্ট দিয়ে ফাঁস নিলেন স্বর্ণ পদকজয়ী আবৃত্তিশিল্পী নিপা

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে বরিশালে স্বর্ণ পদকজয়ী আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী শামসুন্নাহার নিপা ফাঁস নিয়েছেন। মঙ্গলবার (০২ আগস্ট) শেষ রাতে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি।

শামসুন্নাহার নিপা উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে। তিনি বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতার ক্লাসের সদস্য ছিলেন। এছাড়া গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছেন। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পান।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, হতাশা থেকে নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে নিপা। এ ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।

ডোমারে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক সহ নিহত ০২, আহত ০২

ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ

নীলফমারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার ডোমার-জলঢাকা সড়কের একবট নামক স্থানে চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়লে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, মটকপুর এলাকার আফছারুল ইসলাম, ও ডিমলা এলাকার জহুরুল ইসলাম। আহতরা হলেন, জহুরুল ইসলামে বোন লিমা ও তার স্বামী শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ডোমার হতে প্রায় ১০ টনের একটি চালবোঝাই ট্রাক্টর জলঢাকা যাওয়ার পথে একবট নামক স্থানে অতিরিক্ত ওজনের

কারণে ট্রাক্টরের চাকা খুলে যায়। এতে বিপরিদ দিক থেকে আসা একটি ভ্যানের উপর ট্রাক্টরটি পড়ে যায়। এতে ঘটনাস্থালে শরিফুল নিহত হয়। আর রংপুর

মেডিকেলে নেওয়ার পথে আফছারুল নিহত হয়। তবে বাকি দুই জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

অতিরিক্ত পন্য নেওয়ার কারণে ট্রাক্টরের চাকা খুলে গেছে এবং হালচাষে ব্যবহৃত ট্রাক্টর সড়কে পন্য পরিবহন বন্ধের দাবী করছেন ভুক্তভোগীরা।

বরগুনার আমতলীতে শিক্ষকের বাড়িতে ডাকাতি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা//

বরগুনার আমতলীতে পরিবারের সকলকে বেঁধে মারধর শেষে ঘরে থাকা নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এরআগে রোববার গভীর রাতে উপজেলার পশ্চিম চিলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানাগেছে, আব্দুল কাদের খাঁনের বাড়ির গ্রিল কেটে সাত থেকে আটজনের ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে বৃদ্ধ আব্দুল কাদের খাঁন ও তার স্ত্রী রুবি বেগমকে বেঁধে ফেলে। তাদের চিৎকারে ছেলে ইলিয়াস খাঁন তার কক্ষ থেকে বের হওয়া মাত্রই ডাকাতরা তার মাথায় ধারালো অস্ত্র নিয়ে আঘাত কারেন এবং মারধর করেন। পরে তাকেও বেঁধে ঘরের আলমারি ও সুটকেজে থাকা নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ওই রাতেই গুরুতর আহত ইলিয়াসকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ইলিয়াস খাঁন বলেন, ‘বাবা-মায়ের চিৎকার শুনে রুম থেকে বের হওয়া মাত্রই মুখোশধারী ডাকাত দলের মধ্য থেকে একজন আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আমাকে বেঁধে ঘরের মেঝে শুইয়ে রাখে এবং আমার শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে কোথায় টাকা ও স্বর্ণালঙ্কার রেখেছি তা জানতে চায়।’

তিনি আরো বলেন, ‘তারা রুমে থাকা সুকেজ ভেঙে নগদ সাত লাখ ৮০ হাজার টাকা, বাবার আলমারি ভেঙে দুই লাখ ৫০ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ডাকাতদল আমার বৃদ্ধ বাবা ও মাকে মারধর করেছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মিনহাজুর রহমান বলেন, আহত ইলিয়াসের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Daily World News

কচুয়ায় আন্তঃইউনিয়ন ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে কচুয়া চ্যাম্পিয়ান

বরিশাল কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেন নৌ পুলিশ

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশাল কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেন সংশ্লিষ্ট কাউনিয়া থানা ও নৌ পুলিশ । শুক্রবার সকালে ৫ নং ওয়ার্ড পলাশপুর (মোহাম্মদ পুর) এলাকার মৌসুমীর ঘেরের পিছনের চরে স্থানীয়রা অজ্ঞাত এক মহিলার লাশ দেখে কাউনিয়া থানায় বিষয়টি নিশ্চিত করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নৌ থানায় জানায়।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাতুজ্জামানের নেতৃত্বে এস আই আঃ হাই, এ এস আই মাহমুদ ঘটনা স্থালে গিয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে। মহিলার বয়স আনুমানিক (২৫+২৮) হবে বলে জানান পুলিশ। অজ্ঞাত মহিলার গায়ে ছিল পেস্ট বিস্কিট কালারের থ্রি পিছ, পরনে ছিল লাল কালার পায়জামা। তবে এখন পর্যন্ত অজ্ঞাত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান। স্থানীয় একটি সূত্রে জানা যায়,গত বুধবার (২৭) তারিখ লঞ্চঘাট থেকে এক মহিলা রেডসান(৫) নামক লঞ্চে উঠতে গিয়ে কীর্তনখোলা নদীতে পড়ে যায়। স্থানীয়রা দেখে লঞ্চ কর্তৃপক্ষে জানালে, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি টিম নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাতুজ্জামান বলেন,লাশটি উদ্ধার করে মেডিকেল পাঠানো হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

সাবেক মেয়র আহসান হাবীব কামাল না ফেরার দেশে চলে গেছেন

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩০ জুলাই শনিবার রাত ১১টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পুত্র কামরুল আহসান রূপন এই তথ্য নিশ্চিত করেন। আহসান হাবিব কামাল দীর্ঘদিন থেকে কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছেন।

পীরগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৯ কঙ্কাল চুরি

মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক রাতে কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।

কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যাক্তি বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্নের জন্য করবস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, ট্রাউজারসহ কাপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরবর্তী আমিসহ আমার সঙ্গে থাকা লোকজন দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে ৷

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

গজারিয়ায় ভবেরচর নিকাহ্ রেজিস্ট্রারের উপর অতর্কিত হামলা

সৈয়দ মোঃ শাকিল (গজারিয়া) মুন্সীগঞ্জ।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন নিকাহ্ রেজিস্ট্রার কাজী আশরাফুজ্জামান ফারুক ও তার স্ত্রী জেসমিন আক্তারের উপর সন্ত্রাসী কায়দায় অর্তকিত হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় স্থানীয়ারা তাকে ও তার স্ত্রী কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর শাহ্ পুর গ্রামে গত ২৮ জুলাই সকালে ঘটে হামলার ঘটনাটি। আহত কাজী আশরাফুজ্জামান বলেন সকাল বেলা আমি আমার গরু ফার্মে কাজ করতে গেলে সন্ত্রাসী জাকারিয়া মুন্সী নির্দেশে তার চার ছেলে মুকুল বিজিবি, ইলিয়াস সেনা সদস্য, ইউসুফ ও অনিক তারা সংঘবদ্ধ ভাবে আমার উপর হকিস্টিক লাঠিসোঠা নিয়ে অর্তকিত সন্ত্রাসী হামলা চালায়। লোক সূত্রে খবর পেয়ে আমার স্ত্রী ছুটে আসলে তাকেও তারা মারধর শালীনতাহানী করে লাঞ্চিত করে সন্ত্রাসীরা। তিনি আরও বলেন হামলার ঘটনার পর স্থানীয় থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছি কিন্তু অভিযোগটি এখনো পর্যন্ত মামলায় রূপান্তর করতে পারিনি।

এই বিষয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে কাজী আশরাফুজ্জামানের স্ত্রী জেসমিন বলেন, এই ঘটনার পর আমরা আংতকে আছি, মামলা রুজু না হওয়ায় নিরাপত্তা সংকটে রয়েছি।

খোঁজ নিয়ে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার স্বীকার হয়ে আহত হন ভিকটিম কাজী আশরাফুজ্জামান ফারুক ও তার স্ত্রী জেসমিন আক্তার।

এই বিষয়ে পরে স্থানীয় সাংবাদিকদের গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানায় এমন ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে।