//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//
বরিশাল নগরীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টায় নগরীর কালিবাড়ি রোডের সামনে থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বরিশাল নগরীর
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর রামকৃষ্ণ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সাইফুল ইসলাম বিপিএম-বার, বিশিষ্ট সমাজসেবক সভাপতি ধর্মরক্ষিনী শ্রী রাখাল চন্দ্র দে,সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা।পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ব্রাহ্মণ পুরোহিত কল্যাণ সমিতির সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এ দিনে এক যুগ-সন্ধিক্ষণে আবির্ভূত হিন্দুধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রতিবছর হিন্দু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।
