বিশ্ব সংস্থা বলেছে- দুই দেশেরই রাজধানী হবে জেরুজালেম

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থা বলেছে, দুই দেশেরই রাজধানী হবে জেরুজালেম।

জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া মহাসচিব আন্তোনিও গুতেরেসের লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে অপরিবর্তিত রূপে চূড়ান্তভাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

তাতিয়ানা বলেন, জেরুজালেমকে রাজধানী বানিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা পাশাপাশি শান্তি ও নিরাপদে বসবাস করবে।

জাতিসংঘ মহাসচিব সংঘাত শুরুর পর বিভিন্ন সময় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংঘাত শুরুর পর ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন জানালেও পরে তিনি সুর নরম করেছেন। গত অক্টোবরে তেল আবিব সফরের সময় তিনি বলেছেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণ যাতে নিরাপদে, মর্যাদায় এবং শান্তিতে বসবাস করতে পারে, আমাদের অবশ্যই সেই পথ অনুসরণ করতে হবে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ।’

বাংলাদেশিদের উৎপাদিত সবজিতে সয়লাব কুয়েতের বাজার

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রবাসী বাংলাদেশিদের উৎপাদিত সবজিতে সয়লাব হয়ে গেছে কুয়েতের বাজার। দোকানে দোকানে মিলছে লাউ, শিম, বেগুন ও পুইশাকসহ নানা ধরনের শাক-সবজি। যা কুয়েতিদের পাশাপাশি আকৃষ্ট করছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদেরও।

উত্তপ্ত গরম কিংবা তীব্র শীতের বৈরী আবহাওয়ায় ধূসর মরুভূমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করে অনেক আগেই সফলতা অর্জন করেছেন কুয়েতে কৃষি খাতের সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশিরা।

দেশি শাক-সবজির চাহিদা মেটাতে কুয়েত একসময় সম্পূর্ণ আমদানিনির্ভর ছিল। বর্তমানে অনেক দেশি সবজি চাষ করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তাদের উৎপাদিত সবজি এখন কুয়েতের বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ থেকে আমদানিকৃত সবজির দাম থেকে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি অনেক কম দামে পেয়ে সন্তুষ্ট প্রবাসী ক্রেতারা।

স্থানীয় নাগরিকের কাছ থেকে মরুভূমি লিজ নিয়ে কৃষি ফার্ম গড়ে তুলেছেন অনেক বাংলাদেশি। নিজ মেধা আর শ্রম দিয়ে কৃষি খামার গড়ে সফলতাও পেয়েছেন অনেকে।

 

ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সরকার গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির জন্য চুক্তি অনুমোদন করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘চুক্তি মানে যুদ্ধ বন্ধ হবে না।’ এদিকে হামাস গাজা যুদ্ধবিরতি চুক্তির সম্পর্কে আরো বিস্তারিত সামনে এনেছে। ফিলিস্তিনি এই গোষ্ঠী নিশ্চিত করেছে যে, উভয় পক্ষ থেকে অস্থায়ী এ যুদ্ধবিরতি চার দিন স্থায়ী হবে।

টেলিগ্রামে শেয়ার করা একটি বিবৃতিতে হামাস জানিয়েছে- এই যুদ্ধবিরতির অর্থ এই সময়ের মধ্যে ইসরায়েল গাজা উপত্যকার সব এলাকায় সামরিক যান চলাচল বন্ধ করবে। চিকিৎসা ও জ্বালানি সরবরাহসহ শত শত মানবিক সহায়তা ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেবে। দক্ষিণ গাজায় ড্রোন হামলা ও নজরদারি চারদিন বন্ধ থাকবে। ড্রোন চলাচল স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টার জন্য উত্তরে থামবে।

যুদ্ধবিরতি চলাকালীন, ইসরায়েল ‘গাজা উপত্যকার সমস্ত অঞ্চলে কাউকে আক্রমণ বা গ্রেপ্তার না করতে প্রতিশ্রুতিবদ্ধ’। সালাহ আল-দ্বীন স্ট্রিটে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

এদিকে ইসরায়েলি সরকার বলেছে, দেশটির সরকার সমস্ত জিম্মিকে দেশে ফেরত নিতে বাধ্য। সরকার এই লক্ষ্য অর্জনের প্রথম পর্যায়ের রূপরেখা অনুমোদন করেছে।

সে অনুসারে কমপক্ষে ৫০ জন জিম্মিকে (মহিলা এবং শিশু) চারদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে, এই সময়ে লড়াইয়ে বিরতি দেওয়া হবে। অতিরিক্ত দশজন জিম্মিকে মুক্তি দিলে বিরতিতে একটি অতিরিক্ত দিন বাড়বে।

তবে ইসরায়েল সরকার, ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা পরিষেবা দানকারীরা সমস্ত জিম্মিকে স্বদেশে ফিরিয়ে আনতে ও হামাসকে নির্মূলের জন্য এবং গাজা থেকে ইসরায়েলের প্রতি আর কোনো নতুন হুমকি হবে না, তা নিশ্চিত করতে যুদ্ধ চালিয়ে যাবে।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে গতকাল মঙ্গলবার যুদ্ধবিরতির ব্যাপারে প্রথমবারের মতো জোরালো ইঙ্গিত দিয়েছিলেন হামাসপ্রধান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী।

যুদ্ধবিরতি নিয়ে কিছুদিন ধরে ঘোর আপত্তি জানিয়ে আসা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও অগ্রগতির কথা বলেছেন।

গত রাতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেন নেতানিয়াহু।

এদিকে গাজায় সংঘাত বন্ধে বিশেষ সম্মেলন করেছে ব্রিকস জোটভুক্ত দেশগুলো। একই অভিপ্রায় নিয়ে পৃথক উদ্যোগে চীন সফর শেষে রাশিয়ায় পৌঁছেছেন মুসলিমবিশ্বের প্রতিনিধিরা।

এর আগে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হামাসপ্রধান ইসমাইল হানিয়াও বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তি সন্নিকটে। তিনি এক বিবৃতিতে তখন জানান, তাঁরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছেন। যুদ্ধবিরতির ধরন নিয়ে তিনি কিছু জানাননি। তবে হামাসের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান, যুদ্ধবিরতির নির্দিষ্ট সময়সীমা, গাজায় মানবিক সহায়তা যাওয়ার পথ সুগম করা ও ফিলিস্তিনি বন্দিদের বদলে ইসরায়েলি জিম্মিদের মুক্তিকে কেন্দ্র করে আলোচনা করা হয়েছে।

এদিকে গাজা উপত্যকায় হামাসের আটকে রাখা জিম্মিদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অগ্রগতি হয়েছে দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘আমি সুখবরের আশা করছি।’ ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ‘থ্যাংকস গিভিং’ পর্বের অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

চুক্তির ব্যাপারে মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জিম্মিদের সম্ভাব্য মুক্তির বিনিময়ে ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গাজায় হামলা অব্যাহত

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নেপথ্যে আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। উপত্যকার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে গত সোমবার রাতে এক বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে। অন্যদিকে উত্তরের জাবালিয়া শহর ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। এ ছাড়া সম্প্রতি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকা উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক জানিয়েছেন, সোমবার রাতভর সেখানেও থেমে থেমে গোলাগুলি চলেছে।

ব্রিকসের বিশেষ সম্মেলন

ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে দক্ষিণ আফ্রিকায় গতকাল ব্রিকসের বিশেষ ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকস নেতারা গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে নতুন ছাঁচে ফেলার লক্ষ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই পাঁচটি উদীয়মান অর্থনৈতিক দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিকস জোট।

এবার রাশিয়ায় মুসলিম নেতারা

গাজা বিষয়ে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের নেতাদের সঙ্গে আলোচনার পরিকল্পনার অংশ হিসেবে গতকাল মস্কো পৌঁছেছেন আরবসহ মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা। সৌদি আরব, জর্দান, মিসর, প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রধান ও কাতারের প্রধানমন্ত্রী গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। গত সোমবার তাঁরা বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।  সূত্র : বিবিসি, আলজাজিরা, এএফপি

Tapo Studio

দুই শর বেশি মাফিয়া আসামিকে ২২০০  বছরের কারাদণ্ড

রূপসায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দুই শর বেশি মাফিয়া আসামিকে ২২০০  বছরের কারাদণ্ড

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইতালির স্মরণকালের সবচেয়ে বড় মাফিয়া মামলায় দুই শর বেশি আসামিকে মোট দুই হাজার ২০০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন বছর ধরে চলা বিচারকাজ শেষে গত সোমবার রায় দেওয়া হয়। রায়ে মাফিয়া গোষ্ঠী ‘দ্রাংগেতা’র সঙ্গে জড়িত ব্যক্তিদের মাদকপাচার থেকে চোরাচালানের মতো বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ইতালির একজন সাবেক সিনেটরও রয়েছেন।

এ সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন দণ্ডিতরা। দ্রাংগেতা ইউরোপের সবচেয়ে প্রভাবশালী অপরাধ সংগঠনগুলোর একটি। পর্যবেক্ষকরা মনে করেন এ মামলায় ইতালির দক্ষিণাঞ্চলে রাজনীতি ও সমাজের ওপর মাফিয়া গোষ্ঠীর ব্যাপক প্রভাবই ফুটে উঠেছে। বিশেষজ্ঞরা জানান, ওই মামলায় স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের মতো উচ্চ আয়ের মানুষও দোষী সাব্যস্ত হওয়ায় ইতালির প্রতিষ্ঠানগুলোতে সংঘবদ্ধ অপরাধের সুদূরপ্রসারী প্রভাব সামনে এসেছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন আইনজীবী ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির দল ফোরজা ইতালিয়ার সাবেক সিনেটর জিয়ানকার্লো পিত্তেলি। একটি মাফিয়াসদৃশ সংগঠনের সঙ্গে যোগসাজশের জন্য তাঁকে ১১ বছরের সাজা দেওয়া হয়। দোষী সাব্যস্তদের মধ্যে আরো রয়েছেন সরকারি কর্মী ও বিভিন্ন শিল্প-কারখানার উচ্চপদস্থ কর্মকর্তা। বৈধ অর্থনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দ্রাংগেতার অনুপ্রবেশের জন্য তাঁরা সমালোচিত হয়েছিলেন।

মামলায় শতাধিক আসামি খালাস পেয়েছেন। সহিংসতার শঙ্কায় মামলার বিচারকদের বিশেষ পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

ইতালির দক্ষিণের অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চল কালাব্রিয়া থেকে যাত্রা শুরু করে ‘দ্রাংগেতা’। একে বিশ্বের অন্যতম বিপজ্জনক সন্ত্রাসী দল বলে মনে করা হয়। বিশ্বের কোকেন বাজারের আনুমানিক ৮০ শতাংশই এই মাফিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে।

এই গোষ্ঠীর বার্ষিক আয় ছয় হাজার কোটি ডলারের আশপাশে।  সূত্র : বিবিসি

ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে হোটেল ভাড়া দিতে হচ্ছে ২লাখ রূপি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ফাইনাল উপলক্ষ্যে আহমেদাবাদের হোটেল ও বিমান টিকিটের ভাড়া কয়েক গুণ বেড়েছে।

এক লক্ষ ত্রিশ হাজারের বেশি আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল দেখতে সমর্থকেরা হাজির হচ্ছেন আহমেদাবাদে। স্বাগতিক ভারত ও সফলতম দল অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দেখার জন্য সমর্থকদের এই ঢেউর সুবিধা নিয়ে হোটেল রুমের ভাড়া আকাশচুম্বী করা হয়েছে। পাঁচ তারকা হোটেলগুলোতে যা এখন কিছু কিছু ক্ষেত্রে ২ লাখ রুপি (বাংলাদেশি মূল্যমানে ২ লাখ ৬৬ হাজার টাকা)!

এ ব্যাপারে হিন্দুস্থান টাইমসকে হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র সোমানি বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা শুধু ভারত নয়, বাইরের মানুষদেরও। দুবাই, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকেও খেলা দেখতে আসতে চান মানুষ। আহমেদাবাদে তিন ও পাঁচ তারকা হোটেল পাঁচ হাজার রুম আছে। পুরো গুজরাটে সংখ্যাটা ১০ হাজার। আর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আসন সংখ্যা ১ লাখ ২০ হাজার। আমাদের ধারণা বাইরে থেকে ৩০ থেকে ৪০ হাজার মানুষ এই ম্যাচ দেখতে আসবে।’

সোমানি বলেছেন শুধু আহমেদাবাদে নয়, পাশের শহরগুলোতেও হোটেল ভাড়া বেড়েছে, ‘হোটেল বুকিং দেওয়ার আগে সাধারণত ফ্লাইট বুক দেয় মানুষ। ম্যাচের দিন যত এগিয়ে আসবে হোটেল রুমের ভাড়া শুধু আহমেদাবাদে নয়, আশপাশের শহরগুলোতেও আরও বাড়বে।’

নভোটেলের আহমেদাবাদের হোটেলে ১৭ তারিখের রুমভাড়া ৬ হাজার ৩০০ রুপির নিচে। কিন্তু ১৯ নভেম্বরের রুম ভাড়া করতে চাইলেই সেটা বেড়ে ৭১ হাজার রুপির বেশি হয়ে যাচ্ছে। এই অবস্থা আহমেদাবাদের সব হোটেলেরই।

শুধু তিন বা পাঁচ তারকা হোটেল নয়, ছোটছোট হোটেলগুলোও ভাড়া বাড়িয়ে দিয়েছে। সিজি রোডে অবস্থিত হোটেল ক্রাউন সাধারণত দিন প্রতি ৩ থেকে ৪ হাজার রুপি নিত। সেটা ২০ হাজার রুপির বেশি এখন। এই সুযোগে বিমানভাড়াও বেড়েছে। চেন্নাই থেকে আহমেদাবাদে ৫ হাজার রুপিতেই যাওয়া যেত, বর্তমানে তা ১৬ থেকে ২৫ হাজার।

বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল – আপনারটা যেভাবে সচল রাখবেন….

//দৈনিক বিশ্ব ডেস্ক//

লাখ লাখ অব্যবহৃত জিমেইল আগামী মাস থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল। দুই বছর ধরে অচল অ্যাকাউন্টগুলো এর আওতায় পড়বে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এক ব্লগপোস্টে গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রচেলি বলেন, অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ। অনেক দিন ধরে অব্যবহৃত অ্যাকাউন্টে নিরাপত্তা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভুলে যাওয়া বা অব্যবহৃত অ্যাকাউন্টে প্রায়ই পুরনো বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ড যুক্ত থাকে।

এসব অ্যাকাউন্টে টু–ফ্যাক্টর অথেনটিকেশন সেটআপ থাকে না এবং গ্রাহকরা অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করে না। অর্থাৎ এসব অ্যাকাউন্টের নিরাপত্তা প্রায়ই দুর্বল হয়। আর স্ক্যামসহ পরিচয় চুরির মতো বিভিন্ন ক্ষতিকর কাজে এসব ব্যবহৃত হতে পারে।

যেসব অ্যাকাউন্ট দুই বছরে ধরে অব্যবহৃত রয়েছে ডিসেম্বর থেকে সেগুলো ডিলিট করা হবে। সেই সঙ্গে গুগল ওয়ার্কস্পেস যেমন জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার ও গুগল ফটোজের কনটেন্টও ডিলিট করে দেওয়া হবে।

শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য নীতিটি কার্যকর হবে। স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য তা হবে না।

অ্যাকাউন্ট ডিলিটের প্রক্রিয়া পর্যায়ক্রমে শেষ হবে। প্রথমে যেসব অ্যাকাউন্ট তৈরির পর আর ব্যবহার করা হয়নি, সেগুলো ডিলিট করা হবে। এসব অ্যাকাউন্ট ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেসে অনেক নোটিফিকেশন পাঠানো হবে।

অ্যাকাউন্ট চালু রাখতে যা করতে হবে:-

অ্যাকাউন্ট চালু রাখার সবচেয়ে সহজ উপায় হলো— প্রতি দুই বছরে অন্তত একবার সাইন-ইন করা। গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করা থাকলে সেগুলোকে সক্রিয় ভাবা হয়। এ ছাড়া সাইন-ইনের পর অ্যাকাউন্ট ডিলিট হওয়া বন্ধ করতে যেসব পদক্ষেপ নেওয়া যায়–

১. কোনো ইমেইল পড়া বা সেন্ড করা।

২. গুগল ড্রাইভ ব্যবহার করা।

৩. ওই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ভিডিও দেখা।

৪. গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা।

৫. গুগল সার্চ ব্যবহার করা।

৬. গুগলের সাইন-ইন ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সেবায় সাইন ইন করা।

এ ছাড়া যেসব অ্যাকাউন্টে গুগলের সাবস্ক্রিপশন কেনা রয়েছে, সেগুলো সক্রিয় হিসেবে বিবেচনা করবে এই প্ল্যাটফরম।

যুক্তরাষ্ট্র শর্তছাড়া সংলাপে বসার আহবান জানিয়ে বড় তিন রাজনৈতিক দলকে চিঠি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।  সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দল তিনটি হলো— আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

বিবৃতিতে বলা হয়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে (রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে দূতাবাস।

বিবৃতিতে সংলাপ প্রসঙ্গে বলা হ‌য়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়।

এদিকে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এরই অংশ হিসেবে সোমবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ওই চিঠি হস্তান্তর করেন তিনি। তবে চিঠি পাওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আওয়ামী লীগ ও বিএনপি।

১কোটি টাকা মাত্র ১ রাতের হোটেল ভাড়া…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

অত্যাধুনিক সুযোগ-সুবিধার সাদা ও সোনালি রঙের চারটি শয়নকক্ষের বিলাসবহুল পেন্টহাউসটির নাম ‘দ্য রয়্যাল ম্যানশন’। এতে রয়েছে বিশাল হলঘর, ১২ আসনের খাবার ঘর, বিনোদন কক্ষ, সুইমিংপুল এবং ব্যক্তিগত খোলা জায়গা, যেখানে বসে দেখা যাবে দুবাইয়ের আকাশ। আর আপনি যদি সেখানে থাকতে চান, তাহলে প্রতি রাতে গুনতে হবে ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা (এক ডলার‍=১১০ টাকা)।

১কোটি টাকা মাত্র ১ রাতের হোটেল ভাড়া

অত্যাধুনিক এই স্যুট তৈরি করা হয়েছে দুবাইয়ের ৪৩ তলা আটলান্টিজ দ্য রয়্যাল হোটেলে। চলতি বছর বিশ্বের ৫০টি সেরা হোটেলের তালিকায় এটির অবস্থান ছিল ৪৪তম।

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের চাচাতো বোন কনটেন্ট ক্রিয়েটর আলানা পান্ডে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল স্যুটে ট্যুর। এক লাখ মার্কিন ডলার খরচ করে আপনি ৪টি শয়নকক্ষ, ৪টি বাথরুম সঙ্গে স্টিম রুম, ১২ আসনের খাবার টেবিল, সম্মেলনকক্ষ, ইনডোর-আউটডোর রান্নাঘর, মুভি থিয়েটার, অফিস/লাইব্রেরি, ব্যক্তিগত বার ও গেম রুম, ১০ আসনের অ্যারাবিয়ান স্টাইলের সানকেন মজলিস, তাপমাত্রা-নিয়ন্ত্রিত ইনফিনিটি পুল, ৩৬০ ডিগ্রি ভিউজ প্রাইভেট ডেক।

১কোটি টাকা মাত্র ১ রাতের হোটেল ভাড়া

হোটেলের ওপর তলায় থাকা এই ম্যানশন হলো মুকুটের মুক্তার মতো। এটি ভবনের দুটি দিককে যুক্ত করেছে। দোতলা এই পেন্টহাউসের সামনের বিশাল হলঘরে রয়েছে ১০০ বছরের পুরোনো অলিভগাছ ও আকাশছোঁয়া সিলিং।

চলতি বছরের জানুয়ারিতে হোটেলটির উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে গান গেয়েছিলেন মার্কিন গায়িকা বিয়ন্স। সিএনবিসির খবরে বলা হয়, এ জন্য তাঁকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। মডেল কেনডল জেনারসহ বিশ্বের বিখ্যাত হাজারো সেলিব্রিটি ও বিশেষ অতিথিরা সেদিন এই আয়োজনে হাজির হয়েছিলেন।

আরব সাগরে কৃত্রিমভাবে তৈরি দ্বীপ পাম জুমিরাহের পাশেই ১৪০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে হোটেলটি।

ওমান বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানিয়েছে।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পর্যটক ও ভ্রমণ ভিসার যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এ সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যাঁরা ওমানে অবস্থান করছেন তাঁদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরওপি।

আরওপির বিবৃতিতে বলা, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

ডুমুরিয়ায় ফিলিস্তিনে অবেধ দখলদার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ফিলিস্তিনে অবেধ দখলদার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ২০ অক্টোবর  শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা  ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া বাসষ্টান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার মোহাতামিম

মাওলানা মোস্তাক আহম্মেদ। বক্তব‍্য দেন  মুফতি আবদুল কাইযুম জমাদ্দার, মাও: আব্দুর রহমান, মুফতি ফকরুল হাসান, মুফতি ফয়জুল করিম, মাও: মুজিবুর  রহমান, মুফতি জহিরুল ইসলাম, মুফতি আবু সালেহ, মাও: আবু সাঈদ আল মাহমুদ, মাও: আজহারুল ইসলাম, মাও: ইউসুফ আজাদি, মাও: মাসুম বিল্লাহ, মাওলানা মাহামুদুল হাসান, মাও: তৌফিকুর রহমান, মাও: জোবায়ের, কারী ওহিদুজ্জামান, হাফেজ মো: আতাউল্লাহ, প্রমুখ। আলোচনা সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভা  স্থলে দোয়া অনুষ্ঠিত হয়।