হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রিয় গবেষণা সম্পাদক ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলামের বড় ছেলে মুফতি হারুন ইজহারকে তিন মামলায় মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির জানান, হাটহাজারী থানা পুলিশ মুফতি হারুন ইজহারকে তিন মামলায় ২৪ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানী শেষে বিজ্ঞ আদালত তিন মামলায় মোট নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত গত বুধবার (২৮ এপ্রিল) রাতে নগরীর লালখান বাজার মাদরাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে রেপিট আ্যকশন ব্যাটেলিয়ান ৭ এর একটি দল। পরদিন হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় সম্পৃক্ত থাকার অভিযোগে র্যাব তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করে। একই দিন থানা পুলিশ তাকে তিন মামলায় গ্রেফতার দেখিয়ে ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, ২০১৩ সালের ১০ জুলাই নগরীর লালখান বাজার মাদরাসায় গ্রেনেড বিস্ফোরণ হলে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :
