//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//
ধারণা করা হয়েছিল ছবিটা নিলামে ২০০ মিলিয়ন ডলারে বিক্রি হবে। এত না হলেও রেকর্ড ১৯৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় ১৭০০ কোটিতে বিক্রি হয়েছে অ্যান্ডি ওয়ারহোল-এর আঁকা মেরিলিন মনরোর পোর্ট্রেট।
সোমবার নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি-তে এই দামে বিক্রি হয় হলিউড অভিনেত্রী মনরোকে নিয়ে মার্কিন শিল্পী, চলচ্চিত্র পরিচালক অ্যান্ডি ওয়ারহোলের অসাধারণ এই শিল্পকর্মটি।
অ্যান্ডি ওয়ারহোল মনরোকে নিয়ে কাজ করেছিলেন ১৯৬৪ সালে, অর্থাৎ স্বর্ণকেশী মনরোর রহস্যজনক মৃত্যুর দুই বছর পর।
মনরোর মোট পাঁচটি পোর্ট্রেট করেছিলেন অ্যান্ডি ওয়ারহোল। পাঁচ পোর্ট্রেটের ওই সিরিজের নাম দিয়েছিলেন ’শট’। ম্যানহাটানে অ্যান্ডির স্টুডিও ‘ফ্যাক্টরি’তে ঢুকে পোর্ট্রেটগুলো লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন এক দর্শনার্থী। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সব ছবি। পরে ওই ছবিগুলো ঠিকঠাক করে গুলির ঘটনা স্মরণে রেখে সিরিজটির নাম দিয়েছিলেন ‘শট’।
বিশেষজ্ঞদের মতে, শট সিরিজের ‘শট সেইজ ব্লু মেরিলিন’ বতিচেল্লির বার্থ অব ভেনাস, দা ভিঞ্চির মোনা লিসা এবং পিকাসোর লা ডেমোইজেলের মানের শিল্পকর্ম।
সোমবার এ কথা উল্লেখ করে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির ২০ ও ২১ শতকের শিল্প বিষয়ক চেয়ারম্যান অ্যালেক্স রটার বলেন, মেরিলিন মনরোর জনপ্রিয়তা আজও আকাশ ছোঁয়া, ‘অ্যামেরিকান পপ’ জগতে এখনো শীর্ষেই আছেন তিনি।
২০১৫ সালে ‘উইমেন অব আলজিয়ার্স’ বিক্রি হয়েছিল ১৭৯ দশমেক চার মিলিয়ন ডলারে। এতদিন পিকাসোর ওই শিল্পকর্মই ছিল ২০ শতকের সবচেয়ে দামি পেইন্টিং। ওয়ারহোলের আঁকা মনরোর পোর্ট্রেট ১৯৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৭০০ কোটি টাকায় বিক্রি হয়ে ওই রেকর্ড ভেঙে দিলেন।
যুক্তরাষ্ট্রের শিল্পী ওয়ারহোল ১৯৮৭ সালে নিউইয়র্কের ম্যানহাটানে মারা যান। সোমবার তার শহরেই রেকর্ড দামে বিক্রি হলো ‘শট সেইজ ব্লু মেরিলিন’। ছবি বিক্রির পুরো অর্থ যাবে টোমাস অ্যান্ড ডোরিস আম্মান-এর তহবিলে। সুইজারল্যান্ডের এই প্রতিষ্ঠান সারা বিশ্বের শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে। সূত্র : ডয়চে ভেলে
