//নিজস্ব প্রতিবেদক//
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮। তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৪টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
শনিবার (২ এপ্রিল) দুপুরে ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, কুষ্টিয়ার মঙ্গলবাড়ী বাজার এলাকার রেজাউল করিমের ছেলে সাজেদুল করিম উজ্জল (৪১) ও একই জেলার ফিলিপনগর এলাকার আছান মালিথার ছেলে আশিকুর রহমান আশিক (২১)।
কমান্ডার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটকরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

