নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের মা-মেয়ে সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কসাইন্না মাষ্টার বাড়ীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া বেগম জোসনা তার বাড়ির জায়গায় পাকাঘর নির্মাণ করতে গেলে একই বাড়ির বাসিন্দা কথিত নাতিগ্রুপের সদস্য জাকারিয়া স্বপন ওরফে সাগরিকা স্বপন (৪৫) ও তার ছোট ভাই ইয়াহিয়া শাওন (৪০) এবং তার ভগ্নিপতি মাঈন উদ্দিন ও মামুনুর রশিদসহ সংঘবদ্ধ হয়ে নির্মানাধীন ঘরের ইট তুলে ফেলে দেয়। এ সময় আছিয়া বেগম জোসনা বাধা দিলে চাইলে নাতিগ্রুপের সদস্য স্বপন তার মাথায় ইট দিয়ে আঘাত করলে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।মায়ের এ অবস্থা দেখে তার কলেজ পডুয়া বড় মেয়ে তাহমিনা ইয়াসমিন মিথিলা (২২), ছোট মেয়ে সানজিদা ইয়াসমিন নাবিলা (২০) ও হাই স্কুলে পডুয়া একমাত্র ছেলে মেহেরাব হোসেন আলিফ (১৬) মাকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।
পরে আত্বীয় স্বজন ও প্রতিবেশীরা আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করেন। আহতদের মধ্যে মা আছিয়া বেগম জোসনা ও বড় মেয়ে তাহমিনা ইয়াসমিন মিথিলার অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসকরা অবহিত করেন।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক খোন্দকারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শোনার পর চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।এসময় তিনি আরো জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, নোয়াখালী।

