এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//
সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া পাচারের সাথে জড়িত একজনকে মোংলার দিগরাজ থেকে গ্রেফতার করেছে র্যাব ৬। এসময় তার কাছ থেকে ৫টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।
আটক মােঃ আল আমিন শরীফ (২৪) দাকোপ উপজেলার উত্তর বানীশান্তা গ্রামের মৃত ফারুক শরীফের ছেলে।

র্যাবের সদর কোম্পানী কমান্ডার এসপি অাল অাসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মােংলার দিগরাজের বিদ্যারবাহন খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় হরিণের চামড়া ক্রয় বিক্রয়ের চেষ্টাকালে পাচারকারী মােঃ আল আমিন শরীফকে ৫টি হরিণের চামড়া সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করে তারা মাংস ও চামড়া বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তর করে বন্যপ্রানী সংরক্ষন আইন ও বন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

