সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরা জেলার থেকে পালিয়ে আসা হত্যা মামলার এক আসামিকে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির নাম মুজাহিদুল ইসলাম জিহাদ (৩৯)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বানিয়াবহু গ্রামের মো. গোলাম আকবরের ছেলে।
শনিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার পাপুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
একই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার এ আসামিকে গ্রেফতার করে পুলিশ। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি।সে উক্ত উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোঃ মাহফুজার মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি।যার মামলা নং-১৯। গত বছরের ৩০ জুন মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করা হয়।
ওসি জানায়, আসামি জিহাদ গ্রেফতার এড়াতে দীর্ঘ ১১ মাস পলাতক অবস্থায় নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার পাপুয়া এলাকায় অবস্থান করছিলো। গ্রেফতারকৃত আসামিকে মোহাম্মদপুর থানার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

