সংযুক্ত আরব আমিরাত থেকে আপেল ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করেছে কোতয়ালী এলাকার ফলমন্ডীর ফল আমদানিকারক মারহাবা ফ্রেশ ফ্রুটস। এ সময় ২২ লাখ ১৯ হাজার শলাকা সিগারেট জব্দ করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। যার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। সিগারেটের চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়ে গেলে ৫ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব হারাতো সরকার।
বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার শরফুদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
কাস্টমস সূত্রে জানা যায়, কন্টেইনারে রক্ষিত ১ হাজার ১২০টি ফ্রেস আপেলের কার্টন শতভাগ কায়িক পরীক্ষা শেষে ৭৫৪টি কার্টনের মধ্যে আপেলের নিচে ইনার কার্টনে লুকায়িত অবস্থায় বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। এতে তিন ব্র্যান্ডের মোট ২২ লাখ ১৯ হাজার শলাকা সিগারেট রয়েছে।
এক হাজার ১২০টি ফ্রেস আপেলের চালানে ৩৬৬ কার্টনে শুধুই ফ্রেস আপেল পাওয়া গেছে। অবশিষ্ট ৭৫৪টি কার্টনের মধ্যে আপেলের নিচে লুকায়িত অবস্থায় সিগারেট পাওয়া যায়। ২২ লাখ ১৯ হাজার শলাকা সিগারেটের মধ্যে মন্ড ৬ লাখ ৯১ হাজার ৪৮০ শলাকা, ইজি ১৪ লাখ ৮ হাজার ৭২০ হাজার, ওরিস ১ লাখ ১৮ হাজার ৮০০ শলাকা রয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।
এআইআর শাখার ডেপুটি কমিশনার শরফুদ্দীন মিয়া বলেন, জব্দ করা সিগারেটের দাম ১ কোটি ৩৭ লাখ টাকা। এভাবে অবৈধ উপায়ে সিগারেট এনে প্রায় ৫ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, দেশে সিগারেট শর্ত সাপেক্ষে আমদানি করতে হয়। এটির ওপর আমদানি মূল্যের চেয়ে প্রায় পাঁচ গুণ শুল্ক আরোপ হয়। সে অনুযায়ী জব্দ হওয়া সিগারেটের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা।
//দৈনিক বিশ্ব ডেস্ক//
২২.৫০.০০.০০০ টি পাসওয়ার্ড চুরি! নিজেরটা কি সুরক্ষিত ? চেক করুন…

