এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে শ্রদ্ধা ও স্মরণে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ভোর ৬ টায় তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় পরিষদ মাঠের সবুজ চত্বরে নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা, কলেজ, বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বিজয়ী ও সকলকে পুরষ্কৃত করা হয়। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল আলম বক্তিয়ার ও প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, প্রেসক্লাব রামপালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক মানুষ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিকাল ৩ টায় সরকারি কলেজ মাঠে মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান, পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, দুপুরে এতিম খানা ও হাসপাতালে উন্নত মানের খাবার বিতরণ। জুম্মাবাদ জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

