//ঝালকাঠি প্রতিনিধি//
লঞ্চের আগুনে নিহত হওয়া ৩২ জনের জানাজা ও ২৯ জনের দাফন সম্পন্ন হয়েছে।
২৫/১২/২০২১ইং তারিখ শনিবার বরগুনা সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে মরদেহ গুলোর গণজানাজা সম্পন্ন হয়। জানাজা সম্পন্ন হওয়া ৩২ জনের মধ্যে তিনজন শনাক্ত হওয়ায় তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
নতুন শনাক্ত তিনজনের মধ্যে দুটি শিশু ও এক নারী। শনাক্ত শিশু মায়িদার (১৫) বাড়ি পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নে। অপর শিশু তাবাসসুম (৪) পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের। এ ছাড়া শনাক্ত হওয়া নারী মনোয়ারার (৫৫) বাড়ি চাঁদপুরে। তিনি ঢাকা থেকে বরগুনার ঢলুয়ায় জামাতার বাড়িতে আসছিলেন।
সকাল থেকে বরগুনা জেনারেল হাসপাতালে স্বজনেরা ভিড় করেন। পরে ১০টায় মরদেহ জেনারেল হাসপাতালের মর্গ থেকে সার্কিট হাউস মাঠে নিয়ে যাওয়া হয়। ১১ টায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শনাক্ত তিনটি মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, শনাক্ত না হওয়া ২৯টি মরদেহ সদর উপজেলার পোটকাখালী এলাকার গণকবরে দাফন করা হয়। এসব মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।পরে শনাক্ত হলে কবর বুঝিয়ে দেওয়া হবে।

