এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//
বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের হামলায় মল্লিক দিদারুল আলম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২০ এপ্রিল) তারাবির নামাজের পরে রামপাল উপজেলার কুমলাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আ. সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিকের পিটুনি ও দায়ের কোপে গুরুতর আহত হন দিদারুল। পরে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হামলাকারী আ. সাত্তার মল্লিককে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ। তবে তার ছেলে আবু বক্কর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহত মল্লিক দিদারুল আলম কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, আ. সাত্তারের স্ত্রী নেই। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ রয়েছে। এই সমস্যার সমাধান করতে তাকে ফের বিয়ে করিয়ে দেওয়ার জন্য ছেলে আবু বক্করকে পরামর্শ দেন মল্লিক দিদারুল আলম। এতে ক্ষিপ্ত হয়ে বাবা-ছেলে মিলে মল্লিক দিদারুল আলমের ওপর হামলা করে। তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
এঘটনায় নিহতের ভাই দেলোয়ার মল্লিক বাদী হয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে একটি হত্যা মামলা দায়ের করেছে।
ওসি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলাকারী আ. সাত্তারকে গ্রেফতার করেছি এবং ছেলে আবু বক্করকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষে ২য় যুবকের মৃত্যু

