//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ‘টেনশন গ্রুপের’ নয় ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। সোমবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন- বায়েজিদ বোস্তামী থানাধীন মীরপাড়ার ওবায়দুল হকের পুত্র রুবেল (২১), বার্মা কলোনির পূর্ব পাড়ার খোরশেদ আলমের পুত্র সালাহ্ উদ্দিন (১৯), আমিন কলোনির মো. কুদ্দুসের পুত্র ওমর হাসান (১৯), আবদুল গফুরের পুত্র সাঈদ আলম (১৯), বাস্তুহারার মৃত মো. সুলতানের পুত্র সাগর (১৯), ভোলা জেলার লালমোহন থানাধীন কুঞ্জেরহাট এলাকার মো. রোস্তমের পুত্র শাকিল (২১), বরিশালের পাতারহাট থানার মেহেদিগঞ্জ গ্রামের নাসির গাজীর ছেলে সাজিব (১৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাশারু গ্রামের মৃত মো. হাবিবের পুত্র হৃদয় (২০) এবং চট্টগ্রামের বাঁশখালীর কোটপাড়া গ্রামের দলিলুর রহমানের পুত্র হাবিবুর রহমান (২৪)। আটকের সময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছুরি উদ্ধার করে র্যাব। আটককৃতদের মঙ্গলবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ এলাকা থেকে কিশোর গ্যাং এবং ছিনতাইকারী চক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা এলাকায় ‘টেনশন গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামীসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছেন। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষদের, বিশেষ করে বিভিন্ন পেশার ছোটখাট ব্যবসায়ীদের রাস্তায় আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা। এ উদ্দেশ্যে সোমবার রাতে এক জায়গায় জড়ো হন তারা। সে সময় তাদের আটক করা হয়।
চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে : নিহত- ১
সহকারী জজ পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী মনোনীত

