//আবুল হাসেম, চট্টগ্রাম//
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা সকলে পুরুষ বলে জানা গেছে। গতকাল (মঙ্গলবার) ভোরে বোয়ালখালী উপজেলার আহলা করলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, দীর্ঘ দিন যাবত উপজেলার আহলা ইউনিয়ন এলাকায় বহু রোহিঙ্গা বসবাস করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় করলডাঙ্গা এলাকার বিভিন্ন স্থান থেকে ৭৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা বিভিন্ন সময়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে বোয়ালখালী এলাকায় এসে অবস্থান করছিল। তারা এলাকায় দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে এবং সংশ্লিষ্ট মালিকের ঘরে দিনযাপন করে আসছিল। আটককৃতদের বিরোদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

