চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে কওমি মাদরাসার এক পরিচালককে (মোহতামিম) ৭৮ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ তালীমুল কোরআন মাদরাসার পরিচালক- হাফেজ মোহাম্মদ তৈয়বকে এ জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে কাটা পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। গত সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়কে জানানো হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, মহানগরীর জালালাবাদ আরেফিন নগর এলাকায় অবস্থিত একটি কাউমি মাদরাসার আশে পাশে চারটি স্থানের এক লাখ ৫৬ হাজার ১৫০ ঘনফুট পাহাড় কাটার প্রমান পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ব্যাপারে গত ৩১ মার্চ পরিবেশ অধিদপ্তরের এক শুনানীতে মাদারাসার পরিচালক হাফেজ মো: তৈয়বকে ৭৮ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, মাদরাসার পরিচালককে আগামী ১৫ এপ্রিলের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি কাটা পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে অভিযুক্তকে তিন মাসের সময় প্রদান করা হয়েছে। অন্যথায় অভিযুক্তের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

