তলা ফেটে ডুবে যাওয়া ট্রলার থেকে ১৭জন জীবিত উদ্ধার

তলা ফেটে ডুবে যাওয়া ট্রলার থেকে ১৭জন জীবিত উদ্ধার

//অনলাইন নিউজ ডেস্ক//

বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক মোহনায় তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসময় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে বিশেষ একটি বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফুটো হয়ে যায়। একপর্যায়ে জেলেদের চিৎকারে সাড়া দিয়ে উদ্ধারে নামেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক জয়নাল আবেদীন জানান, মূলত ট্রলারটি মাছ আহরণে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। এক পর্যায়ে ট্রলারটিতে পানি প্রবেশ করলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়ে। পরে তাদের চিৎকারে সাড়া দিয়ে স্থানীয় অন্য বোটের জেলেরা তাদের উদ্ধার করে।

ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপরে ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের সবাইকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *