//অনলাইন নিউজ ডেস্ক//
দীর্ঘ ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামী আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে আশিষ রায়কে তার বাসা গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি চৌকশ দল। বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আশিষ রায়কে গ্রেপ্তারের সময় তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মদের বোতল পাওয়া গেছে।
র্যাব সূত্রে জানা যায়, অভিযুক্ত আশিষ রায়ের বাসায় বিপুল পরিমাণ দেশী-বিদেশি মদের প্রচুর বোতল পাওয়া গেছে। নামি দামি এসব মদ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আশিষ বাসায় মিনি বার গড়ে তুলেছেন। তার এই মিনি বার থেকে প্রায় ১৯-২০টি দেশী-বিদেশি নানা ব্র্যান্ডের মদের বোতল জব্দ করা হয়েছে। নিজের মিনি বারে বন্ধু-বান্ধবদের নিয়ে নিয়মিত মদের আসর বসাতেন তিনি।

এছাড়া তার মিনি বারে শিশা সেবনের নানা উপকরণও পাওয়া গেছে বলে র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। ঘটনার পর সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বাদানুবাদই এ হত্যার নেপথ্য কারণ বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

