//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
বাগেরহাটের কচুয়ায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে রাসেল শেখ (৩৮) নামে যুবক নিহত হয়েছেন। সোমবার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া এলাকার মহিদ পাইকের বাড়ির সামনে গণপিটুনির শিকার হন রাসেল শেখ ও তার সহযোগী রাজিব। পরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী অভিযোগ করেছে, মহিদ পাইকের বাড়িতে চাঁদার টাকা চাইতে গেলে রাসেল ও তার সহযোগী গণপিটুনির শিকার হন। নিহত রাসেল শেখ ওই এলাকার আজিজ শেখের ছেলে। এ ঘটনায় আহত রাজিব স্থানীয় সেলিম শেখের ছেলে। তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহিদ পাইকের ভাই জাহিদ পাইক বলেন, আমার ভাই মহিদ পাইকের কাছে রাসেল শেখ বিভিন্ন সময় চাঁদা দাবি করত। সপ্তাহখানেক আগে ৫ হাজার টাকা নিয়ে যায়। ৫ জানুয়ারি আরো টাকা জোগাড় করে রাখার জন্য শাসিয়ে যায়। যদি টাকা না রাখা হয়, ঘর পুড়িয়ে ফেলার হুমকি দিয়ে যায়। সোমবার বিকেলে রাসেলসহ ৫-৬ জন ধারালো দা-কুড়াল নিয়ে মহিদের বাড়িতে ঢোকে এবং টাকা দাবি করে। এ সময় বাড়ির নারীরা চিৎকার দিলে গ্রামবাসী এসে তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। কয়েকজন পালিয়ে গেলেও রাসেল ও রাজিব গুরুতর আহত হয়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনি শঙ্কর পাইক বলেন, রাসেলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, রাসেলের নামে কচুয়ায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। পিটিয়ে হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

