চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বজ্রপাতে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) ভোরে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গোদারপুল সংলগ্ন এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাঁদের মৃত্যু কীভাবে হয়েছে বলতে পারছেন না কেউ। পরিবারের লোকজন ধারনা করছে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের অছি মিয়ার ছেলে মো. ইলিয়াছ (৪৫) ও একই গ্রামের আদিল আহমদের ছেলে মো. আবুল কাশেম (৪০)। তাঁরা দুজনই রাজমিস্ত্রি শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর ইউনিয়নের গহিরা গ্রাম থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন নিহত দুজন। সোমবার ভোরে পশ্চিম বরৈয়া গোদারপুল সংলগ্ন এলাকায় দুজনের লাশ পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকালে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।নিহত ইলিয়াছের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করত। রবিবার সকালে রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় কাজ করতে যায়।
সন্ধ্যায় স্বামীকে যখন ফোন করি তখন তারা দুজন চুন্না পাড়ার গোদারপুল এলাকায় পৌঁছেছেন বলে জানান। এরপর বাড়ি যখন ফিরছে না তখন মোবাইলে কল দিলে ফোন বন্ধ পাওয়ায় আমার ছেলেরা রাতে খুঁজতে বের হয়। পরে রাত আড়াইটায় পশ্চিম বরৈয়া সাপ মারা খালের স্লুইচ গেইটের পাশে তারা বাবাসহ দুই জনের লাশ দেখতে পায়।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ন কবির জানান, আনোয়ারায় রবিবার রাতে বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ রাত ৩ টায় তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//
চট্রগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় চেয়ারম্যান

