খুলনা–বাগেরহাটের সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণার বিরুদ্ধে প্রতিবেশীর সম্পত্তি জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাংসদের প্রতিবেশী খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষুষ্ণপদ বাছাড় ও পবিত্র সরকার। তবে এমপি এ অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষুষ্ণপদ বাছাড় জানান, এমপি গ্লোরিয়া ঝর্ণা তার গাড়ি বাড়িতে ঢোকানোর রাস্তা প্রশস্ত করছেন। এ জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এমপি নিজে তার লোকজন দিয়ে আমাদের বসতভিটায় রোপণ করা আম, মেহগনি, দেবদারু নারকেলগাছসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের গাছ কেটে ফেলেছেন। তা ছাড়া আমাদের ঘরের পাকা পায়খানা ভেঙে ফেলে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন। আমরা প্রতিবাদ করলে পুলিশ দিয়ে আটক করে আদালতে চালান দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষমতাসীন দলের এমপি আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার বিরুদ্ধে কথা বলার কোনো শক্তি আমাদের নেই। তাই বাপ–দাদার বসতভিটা রক্ষায় গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা বলেন, তার বাড়ি ও লাউডোব ক্যাথলিক চার্চ থেকে কালকিবাটিয়া পর্যন্ত একটি সড়ক রয়েছে, যা ৮ ফুট চওড়া। এলাকাবাসীর অনুরোধে এই সড়ক প্রশস্ত করতে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ এ কাজ বাস্তবায়ন করছে। এখানে কাউকে উচ্ছেদ করা হচ্ছে না।
তিনি বলেন, সড়কের পাশে কিছু কচা ও জিয়েলগাছ ছিল। দুই লাখ টাকার গাছ কখনোই ছিল না। তাদের টয়লেটের নোংরা পানি সরাসরি রাস্তায় এসে পড়ত। এতে পথচারীর কষ্ট হতো। এ জন্য টয়লেট ভেঙে ফেলা হয়েছে। আমাকে হেয় করতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
//খুলনা ব্যুরো//
ভবদহের জলাবদ্ধতার জন্য মৃত মানুষের দাফন নিয়ে দেখা দিয়েছে মহাবিপদ

