//মোঃ শফিকুল ইসলাম পিকুল ,বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার মহাকাল গ্রামের আলিপুর বাজার থেকে ২ জন ভ্যান চোরকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হল চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড কোটা গ্রামের বকুলতলার কলিম বিশ্বাসের পুত্র (রাজমিস্ত্রি) রিমন বিশ্বাস(১৯), অপরজন মনিরামপুর উপজেলাধীন তেতুলিয়া গ্রামের মশিয়ার রহমানের পুত্র আকিজ জুট মিলের শ্রমিক তৌফিক ইসলাম তুফান(১৮)।
অভয়নগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে ভ্যানটি আলিপুর দিয়ে ঠেলে নিতে দেখে সন্দেহ হলে জনতা আটক করে। এ সময় আসামিরা সত্য শিকার করে বলে তারা দুু’জন মিলে চলিশিয়া ইউনিয়নের বাগদা গ্রাম থেকে ভ্যান গাড়িটি ছিনতাই করে বসুন্দিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আলিপুরে পৌছালে ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়।সংবাদ পেয়ে পুলিশ এসে বিষয়টির সত্যতা পেয়ে আসামি দুইজন এবং ভ্যানসহ মালিককে থানায় নিয়ে যায়।
ভ্যান মালিক আসাদুর রহমান গাজী বলেন, ১৯ সেপ্টেম্বর সোমবার আনুমানিক রাত ৮ টার সময় আমার ভ্যানটি নওয়াপাড়া থেকে ভাড়া করে পায়রা বাজারে যায়, তারপর সমশপুর, সেখান থেকে একজনের কাছে টাকা পাব বলে বাগদা গ্রামের নির্জন স্থানে নিয়ে দড়ি গামছা দিয়ে হাত মুখ বেঁধে আমার ব্যাটারী চালিত ভ্যানটি ছিনতাই করে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই আহসান হাবিব বলেন, ২০ সেপ্টেম্বর ভোরে ভ্যান চুরির ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

