//দৈনিক বিশ্ব ডেস্ক//
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে রোববার তারা জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে জেলেনস্কি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে এটি ছিল প্রথম সাক্ষাৎ।
জেলেনস্কি রোববার এক টুইটে বলেন, ‘আজ ইউক্রেনের জনগণ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ইউক্রেন-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও অংশীদারিত্ব এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি মজবুত অবস্থায় রয়েছে।’
রোববার সকালে ইউটিউবকে সাক্ষাতকার দেয়ার সময় প্রেসিডেন্টের সহকারি ওলেকসি আরেসতোভিচ এ বৈঠকের কথা নিশ্চিত করেন। বৈঠকটি তখনও চলমান ছিল।
তিনি বলেন, ‘প্রেসিডেন্টের সাথে কথা বলার সময় তারা যতটা সম্ভব সহায়তা দেয়ার কথা বলেছেন।’ এর আগে শনিবার জেলেনস্কি বলেন, তিনি এ পর্যন্ত ইউক্রেনকে ওয়াশিংটনের দেয়া সহায়তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।
সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।
রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। সূত্র: এএফপি, বাসস।

