//মোঃতুহিন শরীফ,পটুয়াখালী জেলা প্রতিনিধি//
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার কার্যালয়ে ৫০-৬০ জন ঢুকে টেবিল-চেয়ারসহ অন্যান্য আসবাব ভাঙচুর করে।
উপজেলা বিএনপি এ ঘটনার জন্য উপজেলা আওয়ামী লীগকে দায়ী করেছে।
কলাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন সিকদার বলেন, এ হামলার জন্য আমরা আওয়ামী লীগকেই দায়ী করব। এর কারণ, ওরা একদিকে হামলা করেছে, আরেক দিকে জয় বাংলা স্লোগান দিয়েছে। পুরো কার্যালয় ওরা ভেঙে লন্ডভন্ড করে দিয়েছে। হামলা-ভাঙচুরের সময় উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হাফিজুর রহমান বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ নিয়ে উপজেলা যুবদলের নেতা-কর্মীরা আজ বিকেলে দলীয় কার্যালয়ে সমবেত হয়েছিলেন। সভা শেষ করে যুবদলের নেতা-কর্মীরা যে যাঁর মতো চলে যান এরপরই হামলার ঘটনা ঘটে।
বিএনপির কার্যালয়ে এ হামলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয় দাবি করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার বলেন, ‘কে কখন এ হামলা করেছে, আমরা তা জানি না। হামলাকারী কারা? ভিডিও করে রাখুক, আমরা দেখব।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ‘এ রকম একটি খবর আমি শুনেছি। তবে হামলা-ভাঙচুর হয়েছে কি না, তা এ মুহূর্তে বলতে পারছি না। আমি খোঁজ নিয়ে দেখছি।

