//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে- তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। নিহত মোশারফ বালিদিয়া মৃধাপাড়া এলাকার মৃত নুরুল মৃধার ছেলে।

নিহতের ছোট ভাই বালিদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুর মৃধা জানান, রাত সাড়ে ১১টার দিকে গ্রামের পাকা রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল মোশারফ মৃধা। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে স্থানীয়রা সেখানে পৌঁছানোর আগেই মোশারফের মৃত্যু হয়। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীত কুমার রায় জানান, ধারালো অস্ত্রের আঘাতে মোশারাফ মৃধা নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার পরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

