পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্র দুই রুশ নাগরিকের মৃত্যু

পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্র দুই রুশ নাগরিকের মৃত্যু

//অনলাইন নিউজ//

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুইদিনের ব্যবধানে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, শাকিরভ মাকসিম (৩৯) ও বারচেনকো আলেক্সেই (৩৪)।

গত শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বারচেনকো আলেক্সেই এবং বুধবার প্রকল্পের গ্রিনসিটি আবাসিক ভবনের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় মারা যান শাকিরভ আলেক্সেই।

রোববার সন্ধ্যায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। এ দুই রুশ নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শাকিরভ মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘টেস্ট রোসেম’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়স্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটিতে থাকতেন। বুধবার সকালের দিকে ফ্ল্যাটের কক্ষে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারই এক সহকর্মী। পরে গ্রিনসিটি ও রূপপুর প্রকল্প কর্মকর্তাদের খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে শুক্রবার রাতে ‘ভিডিএমইউ’ নামের এক সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বারচেনকো আলেক্সেই প্রকল্পের কাজে যোগ দেয়ার জন্য বের হন। মাইক্রোবাসে করে প্রকল্প এলাকায় যাওয়ার পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আসাদুজ্জামান আসাদ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বারচেনকোর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার মারা যাওয়া শাকিরভ এর মরদেহ ময়নাতদন্তের পর শনিবার রুশ দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *