//এম মুরশীদ আলী//
“ঘোটকে এসে দেবী ঘোটকেই যাবেন” এ উপলক্ষে রূপসায় শারদীয় দুর্গোৎসব ৭৫টি মণ্ডপে শুরু হলো আজ। যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এ উপলক্ষে প্রশাসনিকভাবে মন্দির এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ পূজার উৎসব বিজয়া দশমী বিহিত পূজা সমাপনে বিসর্জন প্রশস্তা পূজার মধ্যে শেষ হবে।
এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু জানান, রূপসার ৫টি ইউনিয়নের ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আজ ২০ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে আইচগাতী ইউনিয়নে ১১টি, শ্রীফলতলা ইউনিয়নে ৭টি, নৈহাটী ইউনিয়নে ১২টি, টিএসবি ইউনিয়নে ১০টি ও ঘাটভোগ ইউনিয়নে ৩৫টি মণ্ডপে হচ্ছে এ পূজা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন জনান, রূপসায় অধিক গ্রুরুত্বপূর্ন ২৬টি মন্দিরে ৮ জন করে আনসার ও ভিডিপি নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার প্লাটুন কমান্ডার ১ জন, সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, তাছাড়া ভিডিপি পুরুষ সদস্য ৪ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে।
বাকি মন্দির গুলিতে ৬ জন করে নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, ভিডিপি পুরুষ সদস্য ৩ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে। এ সকল সদস্যদের গত ১৯ অক্টোবর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে পূজার ৫ দিন দিবারাত্রে কঠোর প্রহর ও নিরাপত্তা বিষয়ে ট্রেনিং ও ব্রিফিং প্রদানের মাধ্যমে উপযুক্তদের পূজার মন্দিরে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আইনশৃঙ্খলা সম্পর্কে রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন, এ বছর রূপসায় ৭৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করতে পারে সে জন্য স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আনসার-ভিডিপি, টহল পুলিশসহ সাদা পোষাকে পুলিশ ও র্যাবের ভ্রাম্যমান টীম মাঠে কাজ করবে বলে তিনি জানান।

