//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব খান বলেন নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচন কমিশন দেশের একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করায় অঙ্গিকারবদ্ধ।
সকলের সহযোগিতায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন বর্তমান কমিশন যতদিন আছে, ততদিন নির্বাচনি ব্যালোটসহ অন্যান্য সরঞ্জামাধি নির্বাচনের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এছাড়া ভোটের দিন ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা প্রার্থীদের দায়িত্ব। কোন প্রকার অনিয়ম ও কারচুপি মেনে নেয়া হবে না। ভোট প্রদানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করেছি।
নির্বাচনী প্রশিক্ষণের মধ্য দিয়ে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তাদের সেই নির্দেশনা দেয়া হল। এরমধ্যে যদি কোন অফিসার বা কর্মকর্তা প্রদত্ত নিয়ম নীতি অমান্য করে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়ায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং ও ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি”র বক্তৃতায় এ কথা বলেন।
এ সময় তিনি নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে বলেন, আমাদের কাছে কোন ছোট বড় প্রার্থী নেই। কে বড় প্রার্থী, কে ছোট প্রার্থী এটা আমরা দেখতে চাই না। ডুমুরিয়া উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ও ষষ্ঠ ডুমুরিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সাকেল) আসিফ কবির, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ মোমতাজ, থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন প্রমুখ।

